ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ ঘণ্টার হরতালের প্রথম দিনে ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বড় কোনো ঘটনা না ঘটলেও রাজধানীর কাছে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের পরিস্থিতি ছিল উত্তপ্ত। সেখানে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশের ১২ সদস্যসহ প্রায় ১০০ লোক আহত হয়।এদিকে সকালে রাজধানীর পুরানা পল্টন, পুরান ঢাকা ও যাত্রাবাড়ী এলাকায় পুলিশ হরতালকারীদের ওপর ব্যাপক লাঠিপেটা করেছে। এরপর আর কোথাও হরতালকারীদের দাঁড়াতে দেয়নি পুলিশ। হরতাল আহ্বানকারী ধর্মভিত্তিক দলগুলোর ৪১ নেতা-কর্মীকে পুলিশ আটক করে। পল্টন থানার পুলিশ জানায়, রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু গতকাল এবং সম্মিলিত ইসলামী ও সমমনা ১১টি দল আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে। বিএনপি ও জামায়াতে ইসলামী এ হরতালে সমর্থন দিলেও তাদের মাঠে দেখা যায়নি। সংবিধানের মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দিয়ে সেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’ প্রতিস্থাপন করার প্রতিবাদে হরতাল ডাকা হয়। এ ছাড়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল, জাতীয় নারীনীতি ও শিক্ষানীতির কিছু ধারা সংশোধন করার দাবিও করছে সংগঠনগুলো।নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী মোড়ে গতকাল রোববার সকালে অতিরিক্ত পুলিশ সুপারসহ ১২ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে মারধর করে হরতাল-সমর্থকেরা। তাদের উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই ১২ পুলিশ সদস্য, টিভি চ্যানেলের ক্যামেরাম্যানসহ অর্ধশতাধিক আহত হয়।পুলিশ জানায়, এ সময় তাদের একটি শটগান ও একটি পিস্তল লুট হয়। ভাঙচুর করা হয় ১২টি যানবাহন। পরে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। পুলিশ সেখান থেকে নয়জনকে আটক করে।এ ছাড়া সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে হরতাল-সমর্থকদের সঙ্গে হরতালবিরোধী ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়। সেখানে সাত-আটটি যানবাহন ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর থেকে হরতাল আহ্বানকারী ধর্মভিত্তিক দলগুলোর কর্মীরা ফতুল্লার পঞ্চবটী মোড়ে জড়ো হতে থাকে। লাঠিসোঁটা হাতে পঞ্চবটী মোড়ে অবরোধ সৃষ্টি করে তারা। এদের অধিকাংশই ফতুল্লার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী। এখানে অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খানের নেতৃত্বে পুলিশের ১২ সদস্যের একটি দল অবস্থান করছিল। তাদের ছত্রভঙ্গ করতে চাইলে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। লাঠিসোঁটা নিয়ে তারা হামলা চালায় পুলিশের ওপর।পরে পুলিশ শক্তি বাড়িয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করতে অভিযান চালায়। শুরু হয় সংঘর্ষ। পঞ্চবটী এলাকা তখন যেন পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ লাঠিপেটা করা ছাড়াও কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান রবিউল ইসলাম, বাংলাভিশনের ক্যামেরাম্যান পথিক জুলহাসসহ ৪০ জনেরও বেশি লোক সেখানে আহত হয়। গুরুতর আহত অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান, এএসআই আনোয়ার ও কনস্টেবল কবরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরতাল-সমর্থকেরা আবার সংঘবদ্ধ হয়ে সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাগলা এলাকায় অবরোধ সৃষ্টি করে। একই সময় তাদের আরেকটি দল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ (লিংক) সড়কের ফতুল্লার রামারবাগ এলাকা অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনার পর থেকে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করে। বেলা ১১টায় ফতুল্লার লালপুর এলাকার একটি টিনের ঘরের মাচা থেকে শটগানটি উদ্ধার করা হয়। পিস্তলটি উদ্ধার হয় ফতুল্লার একটি বাড়ির গোসলখানা থেকে। আটক করা হয় সাগর (১৮) নামের এক তরুণকে। পঞ্চবটীতে সংঘর্ষের পর ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় নয়জনকে।জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, পঞ্চবটীতে হরতাল-সমর্থক ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ জানায়। এতে তারা বেপরোয়া হয়ে পুলিশের ওপর হামলা চালায়।কাঁচপুর এলাকায় অবরোধ: ভোর ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অবরোধ সৃষ্টি করা হয়। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সকাল পৌনে নয়টায় শিমরাইল মোড়ের কাছে তারা ট্রাক স্ট্যান্ডে কাভার্ড ভ্যান, প্রাইভেট কারসহ কয়েকটি গাড়ি ও মালিক সমিতির কার্যালয় ভাঙচুর করে। এ সময় প্রাইভেট কারের মালিক আওয়ামী লীগ-সমর্থক নুর হোসেনের লোকজনকে ধাওয়া করে হরতাল-সমর্থকেরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিপেটা করে। নিক্ষেপ করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট। এ সময় শিমরাইল মোড়ের মাদানীনগর মাদ্রাসার সামনে তোফায়েল (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তোফায়েল স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী। সংঘর্ষে তোফায়েল ছাড়াও অন্তত ১৯ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে নুর মোহাম্মদ (৩৫), আবদুল হাকিম (৫৫), কালাম (৫৫), ফরহাদ (৪৫), মতিউর রহমানকে (২৬) বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঢাকার চিত্র: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ শতাধিক পিকেটারকে আটক করে। আহত হয় প্রায় অর্ধশত। হরতালকারীরা কোথাও খুব বেশি সময়ের জন্য মিছিল বা অবস্থান করতে পারেনি। দলগুলোর প্রধান কার্যালয়গুলোতে ছিল কড়া পুলিশি পাহারা।গতকাল রাজধানীর সড়কগুলোতে যান চলাচল ছিল কম। প্রাইভেট কার ছাড়া অন্যান্য জনপরিবহনের চলাচল ছিল আগের হরতালের তুলনায় অনেক বেশি। কিছু কিছু দোকানপাটও খোলা ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে, ক্লাস হয়নি। পুরানা পল্টনের চিত্র: ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা সারা দিন পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ ছিল। হরতালের সমর্থনে তারা মিছিল নিয়ে রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ কাউকে কার্যালয়ে যেতে বা কার্যালয় থেকে বের হতে দেয়নি। দলের আমির সৈয়দ মো. রেজাউল করিমও কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন।সকাল সাড়ে নয়টার দিকে দলের ডেমরা থানা কমিটির ছাত্র-যুববিষয়ক সম্পাদক ওমর ফারুকসহ কয়েকজন কর্মী দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব ধাওয়া করে নয়জনকে আটক করে। এর আগে পুরানা পল্টন থেকে চারজনকে আটক করে পুলিশ। এ ছাড়া বাবুবাজার, উত্তরা, যাত্রাবাড়ী, কাজলাসহ বিভিন্ন এলাকা থেকে ২০০ জনকে আটক করা হয়।সকাল ১০টার দিকে পুলিশ নেতা-কর্মীদের হটিয়ে দিয়ে কলাপসিবল গেটে তালা লাগানোর চেষ্টা করে। এ সময় দুই পক্ষে ধস্তাধস্তি হয়। পরে গেট পার না হওয়ার শর্তে পুলিশ সরে যায়। এরপর সারা দিন তারা গেটের ভেতরেই আটকা থাকে।দুই দফা রাস্তায় নামার চেষ্টা ১১ দলের: সকাল ছয়টার পর দুই দফায় রাস্তায় নামার চেষ্টা করে ব্যর্থ হন সম্মিলিত ইসলামী ও সমমনা ১১টি দলের নেতারা। সাড়ে ছয়টার দিকে ১১ দলের নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আবদুর রব ইউসুফীর নেতৃত্বে সংগঠনের ২০-২৫ জন নেতা-কর্মী দলীয় কার্যালয় পুরানা পল্টনে আসেন। তাঁরা হরতালের সমর্থনে মিছিল করার প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। পুলিশ লাঠিপেটা শুরু করলে আট নেতা-কর্মী আহত হন। পুলিশ সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানীকে গুরুতরভাবে আহত করে। পুলিশ ওই অবস্থায় তাঁকে আটক করে। সেখান থেকে খেলাফত মজলিসের মহাসচিব নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় ওলামা পরিষদের সভাপতি দ্বীন মোহাম্মদ কাসেমীসহ ১১ জনকে আটক করা হয়। বেলা ১১টার দিকে সংগঠনের একটি মিছিল পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে বের হয়। পুলিশ লাঠিপেটা দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে দুজনকে আটক করা হয়। মিরপুরের ৬ নম্বর থেকে আরেকটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়।১১ দলের অন্যতম নেতা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ রিকশায় চড়ে সকাল সাতটার দিকে পুরানা পল্টন মোড়ে আসেন। তিনি খেলাফত মজলিসের কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তাঁরা ওই রিকশায় করেই লালবাগ ফিরে যান।হরতাল ডেকে রিকশায় চড়ার বিষয়ে জানতে চাইলে খেলাফত আন্দোলনের দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হুজুর ডায়াবেটিস রোগী। বয়সের কারণে হাঁটতেও কষ্ট হয়। এ জন্য রিকশায় যাওয়া ছাড়া উপায় ছিল না।’ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন: বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিম অভিযোগ করে বলেন, ঢাকায় দুই শতাধিকসহ সারা দেশে দলের এক হাজার ২৫৩ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশের লাঠিপেটা ও সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় দুই হাজার ৫৭৩ জন আহত হয়েছেন।সংবাদ সম্মেলনে হরতালে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন ঢাকায় সমাবেশসহ চার দিনের কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে আছে ১২ জুলাই চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ, ১৩ জুলাই ঢাকায়, ১৪ জুলাই সব জেলা শহরে ও ১৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ ও গণমিছিল।সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দল: পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দল। সংগঠনের নেতা আবদুর রব ইউসুফী জানান, ঢাকাসহ গতকাল সারা দেশে পুলিশ সমমনা ১১ দলের ৫০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশের পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ২০০।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়: দলের কেন্দ্রীয় কার্যালয় সকাল পৌনে ১০টা পর্যন্ত তালাবদ্ধ ছিল। কার্যালয়ের সামনে সারা দিনই বিপুল পুলিশ মোতায়েন ছিল। বিএনপি এই হরতালে সমর্থন দিলেও রাজধানীর কোথাও তারা সক্রিয় ছিল না।