ফতুল্লায় চার হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতপরিচয় তিন থেকে চার হাজার শ্রমিকের বিরুদ্ধে গতকাল সোমবার রাতে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করে। পুলিশ গতকাল রাতেই ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গ্রেপ্তার শ্রমিকদের মধ্যে ফতুল্লার কাঠেরপুল এলাকার পলমল গার্মেন্টসের একজন শ্রমিক রয়েছেন। তাঁর মুক্তির দাবিতে আজ সকাল থেকে কর্মবিরতি পালন করছেন ওই কারখানার শ্রমিকেরা। তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গতকাল ফতুল্লার কাঠেরপুল ও পোস্ট অফিস এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন। ঘোষিত মজুরি কাঠামো বাতিল, ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ও চলতি মাস থেকে তা কার্যকর করা এবং গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষের মুক্তির দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নামেন।