ফতুল্লায় ডাইং শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরির অভিযোগে আবদুল মালেক (৩৫) নামের এক ডাইং শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পিটুনিতে আহত হয়েছেন শিপন নামের আরেক শ্রমিক। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার কোতালেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবদুল মালেকের ভাই আলম অভিযোগ করেন, তাঁর ভাই মালেককে সাব্বির ডাইং কারখানায় রশি দিয়ে বেঁধে পেটানো হয়। বিকেলে সাব্বির ডাইংয়ের লোকজন তাঁকে (আলম) কারখানায় ডেকে আনেন। তাঁকে জানানো হয়, তাঁর ভাই ডাইংয়ের কাপড় চুরির সঙ্গে জড়িত। ২০ হাজার টাকা জরিমানা দেওয়া হলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।আলম দাবি করেন, তিনি তাঁদের দাবি অনুযায়ী ২০ হাজর টাকা দেন। পরে তাঁরা সাদা স্ট্যাম্পে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে মালেক অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, সদর উপজেলার কোতালেরবাগ এলাকার ওরিয়েন্টাল ডাইংয়ে শ্রমিকের কাজ করতেন আবদুল মালেক। বিভিন্ন সময় পাশের সাব্বির ডাইংয়ের শ্রমিক শিপন তাঁর কাছে চুরি করা কাপড় বিক্রি করতেন। এই অভিযোগে গতকাল সকাল সাড়ে নয়টায় আবদুল মালেক ও শিপনকে সাব্বির ডাইংয়ের ম্যানেজার সাইদুর রহমান ও সুপারভাইজার সোহেল মিয়া তাঁদের কারখানার ডেকে এনে পিটুনি দেন। পরে রাতে হাসপাতালে মালেকের মৃত্যু হয়।ওসি বলেন, এ ঘটনায় সাব্বির ডাইংয়ের আমিনুর নামের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে সাব্বির ডাইংয়ের ম্যানেজার সাইদুর রহমান ও সুপারভাইজার সোহেল মিয়া পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত আবদুল মালেক সরিষাবাড়ির পিতনা এলাকার ময়েজউদ্দিনের ছেলে। এ ব্যাপারে মালেকের ভাই আলম বাদী হয়ে মামলা করেছেন।