ফতুল্লায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০
নারায়ণগঞ্জে ফতুল্লার কাঠেরপুল ও পোস্ট অফিস এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আজ সোমবার পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে কমপক্ষে ২০ জন আহত হন। কাঠেরপুল এলাকার বিক্ষুব্ধ শ্রমিকেরা বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকা অবরোধ করে রাখেন। পোস্ট অফিস এলাকার পোশাকশ্রমিকেরা দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধ করে রাখেন। পরে বেলা দুইটার পর যান চলাচল শুরু হয়। ঘোষিত মজুরি কাঠামো বাতিল, ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করা ও চলতি মাস থেকে তা কার্যকর করা এবং গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষের মুক্তির দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নামেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকেরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে কাঠেরপুল এলাকার বিভিন্ন কারখানার সাত থেকে আট হাজার পোশাকশ্রমিক রাস্তায় নেমে আসেন। এ সময় তাঁরা শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশও শ্রমিকদের লাঠিপেটা করে। এ সময় উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হন।দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা ফতুল্লার পোস্ট অফিস এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধ করেন। তাঁরা ওই এলাকার অর্ধশতাধিক দোকান, বাড়ি ও দুটি পোশাক কারখানায় হামলা চালান। এ সময় পুলিশ তাঁদের নিবৃত করতে ২০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বেলা দুইটার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে ওই সড়কে যান চলাচল শুরু হয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।