ফতুল্লায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত অর্ধশত
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশ ও এলাকাবাসীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিপেটা ও সংঘর্ষে তিন পুলিশসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। আজ রোববার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় এ ঘটনা ঘটে।পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা, তা ১ আগস্ট থেকে কার্যকর এবং গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি মন্টু ঘোষের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিল্পাঞ্চলের বেশির ভাগ কারখানার উত্পাদন বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সকালে ফতুল্লার শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকার পলমল, মাইক্রোফাইবার, লিবার্টি, মিশুয়ার ও ক্যাডটেক্স পোশাক কারখানার শ্রমিকের কাজে যোগ দিতে কারখানায় আসেন। এ সময় ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা, তা ১ আগস্ট থেকে কার্যকর এবং গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি মন্টু ঘোষের মুক্তির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন। কারখানার সামনে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন থাকায় শ্রমিকেরা কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। দুপুর সাড়ে ১২টায় কাঠেরপুল এলাকার মেট্রো পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করতে কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এলাকাবাসীও পুলিশের সঙ্গে যোগ দেয়। পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ বেপরোয়া লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটা ও সংঘর্ষে তিন পুলিশসহ অর্ধশত আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিল্পাঞ্চলের বেশির ভাগ কারখানার উত্পাদন বন্ধ ছিল। অন্যদিকে সোনারগাঁওয়ের কাচপুর রপ্তানিমুখী সিনহা ও ওপেক্স কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। সোনারগাঁওয়ের কাচপুর শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিন পুলিশসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন।