ফতুল্লায় কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবির হোসেন খোকন (৫০) নামের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পৌষাপুকুর পাকিস্তান খাদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত কবির হোসেন খোকনের স্ত্রী তাসলিমা বেগম জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে কবিরের মোবাইল ফোনে কল আসে। তিনি তখন সদর উপজেলার ফতুল্লার বটতলা এলাকার বাসা থেকে বের হন। এরপর থেকে কবিরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে তিনি আর বাসায় ফেরেননি। আজ সকালে তিনি খবর পান, পাকিস্তান খাদের পাশে তাঁর স্বামীর লাশ পড়ে আছে। তাসলিমা বেগম জানান, কবির ফতুল্লা পৌষাপুকুর পাড় এলাকার কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক। তাঁদের পাঁচ সন্তান।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়নুল হক জানান, নিহত কবির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মামলা-মোকদ্দমা নিয়ে বিরোধ থাকায় পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।