ফতুল্লায় ডাকাতদের ছোড়া ককটেল বিস্ফোরণে ডাকাতসহ আহত ৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক ডাকাতসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ডাকাত দলের সদস্য বাবু ওরফে ডাকাত বাবুকে (৩২) খানপুর নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন: ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৫), নৈশপ্রহরী নাজিম উদ্দিন (৪৫) ও মো. রনি (২৫)। ঘটনাস্থল থেকে সাতটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে এবং ডাকাত দলের সদস্য বাবুুকে গ্রেপ্তার করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ ভোর তিনটায় সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন এলাকার বারেক মিয়ার একটি মুদির দোকানে ডাকাতির জন্য চার-পাঁচ সদস্যদের একটি ডাকাত দল জড়ো হয়। এলাকার নৈশপ্রহরী নাজিমউদ্দিন ও রনি ডাকাত সদস্যদের চ্যালেঞ্জ করলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নাজিমউদ্দিন ও রনির চিত্কার শুনে পাশ্ববর্তী বাড়ির ব্যবসায়ী নজরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। একপর্যায়ে ডাকাত দলের সদস্য বাবু তাঁর সঙ্গে থাকা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ককটেল বিস্ফোরণে ডাকাত বাবু ছাড়াও নজরুল ইসলাম, নৈশপ্রহরী নাজিম উদ্দিন ও মো. রনি গুরুতর আহত হন। তাঁদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। পরে ফতুল্লা মডেল থানা টহল পুলিশের একটি দল ধাওয়া দিয়ে ডাকাত বাবুকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যান। আহত হওয়া ব্যক্তিদের প্রথমে শহরের খানপুর ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। খবর পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, ডাকাত দলের এক সদস্য বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বাবু ফতুল্লার চিহ্নিত লিপু ডাকাত দলের সদস্য। অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।