ফতুল্লায় দুটি ডায়িং কারখানার ২২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদীতে দূষণের অপরাধে নারায়ণগঞ্জের ফতুল্লার দুটি ডায়িং কারখানাকে আজ সোমবার সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শিল্পবর্জ্যে নদীদূষণের ঘটনা প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানা দুটিকে জরিমানা করা হয়।আজ সকালে ফতুল্লার কায়েমপুরে ‘রহমান হোসিয়ারী ডায়িং অ্যান্ড ফিনিশিং মিলস (প্রা.) লি.’ ও কুতুব আইল এলাকায় ‘ফকির নিটওয়্যার লি.’ নামের দুটি ডায়িং কারখানায় আকস্মিক অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগ। মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরুর পর দেখা যায়, দুটি কারখানায় বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) নেই। কারখানার রাসায়নিক মেশানো, অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য নর্দমা দিয়ে স্থানীয় ওয়াপদা খালের মাধ্যমে চলে যাচ্ছে শীতলক্ষ্যা নদীতে।মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, দুটি কারখানাকে অবিলম্বে ইটিপি স্থাপন করে দূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় মামলা দায়েরসহ কারখানার বিদ্যুত্, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দেওয়া হবে মর্মে হুঁশিয়ার করা হয়েছে। কারখানার মালিকেরা আগামী তিন মাসের মধ্যে ইটিপি স্থাপন করে পরিবেশ আইন মেনে চলার অঙ্গীকার করেছেন বলে তিনি জানান।