ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম সোহেল। তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক।এ সময় গুরুতর আহত হয়েছেন জসিম নামের একজন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি রিভলবার উদ্ধার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার পিলকুনি এলাকায় একটি তুচ্ছ ঘটনার জের ধরে এলাকার ফজলু মিয়ার ছেলে মোমেনের সঙ্গে সোহেলের সহযোগী মানিকের কথাকাটাকাটি হয়। এ ঘটনায় যুবলীগের স্থানীয় কর্মী হিটলারের লোকজন মানিককে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে সোহেল ও তাঁর লোকজন মানিককে ছাড়িয়ে নিয়ে আসে। বিকেলে সোহেল লোকজন নিয়ে দাপা আদর্শ স্কুলের সামনে অবস্থান নেন। খবর পেয়ে সন্ধ্যার দিকে হিটলার তাঁর সমর্থকদের নিয়ে সোহেল ও তাঁর লোকজনের ওপর হামলা করেন। এ সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান সোহেল (৩৫)। গুরুতর আহত হন জসিম (৩৫)।খবর পেয়ে ফতুল্লা থানার পুলিশ সোহেলের লাশ ও আশঙ্কাজনক অবস্থায় জসিমকে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। জসিমকে প্রথমে নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সোহেল ফতুল্লা থানার শেহারচর এলাকার মৃত হানিফের ছেলে। তিনি এলাকায় শুটার সোহেল হিসেবে পরিচিত। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।নিহত সোহেলের ভাই জুয়েল অভিযোগ করেছেন, ঘটনার সময় ফতুল্লা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশার সেখানে উপস্থিত ছিলেন। বাশারের সামনেই হিটলারের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। হত্যার পর লাশের সামনে রিভলবার ফেলে রেখে সন্ত্রাসীরা চলে গেছে।তবে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার বলেন, এএসআই বাশার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁর উপস্থিতিতে ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হবে।রাত নয়টার দিকে ওসি জানান, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।