নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা তালতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার ব্যবসাপ্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গুলি ও ছুরিকাঘাত করে ১৯ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পরই পুলিশ ও এলাকাবাসী ধাওয়া করে সাতটি গুলিভর্তি দুটি রিভলবারসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে। জনতার পিটুনিতে আহত এক ছিনতাইকারী গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। জানা গেছে, পাগলা তালতলা এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্সের ক্যাশিয়ার আবদুল মান্নান ও কম্পিউটার অপারেটর রাজু আহম্মেদ ১৯ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বিকেল পৌনে পাঁচটায় তালতলা এলাকাতেই মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ টানাহেঁচড়া চলে। একপর্যায়ে ছিনতাইকারীরা রাজু আহম্মেদের গলায় গুলি ও আবদুল মান্নানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ফাঁকা গুলি ছুড়ে ছিনতাইকারীরা আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেখানে ছিলেন ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) বদরুল। তিনি এলাকাবাসীর সহযোগিতায় ছিনতাইকারীদের ধাওয়া করে তাদের ধরে ফেলেন। ছিনতাইকারীরা এ সময় টাকার ব্যাগটি ছুড়ে ফেলে। ছিনতাইকারীদের কাছ থেকে সাতটি গুলিভর্তি দুটি রিভলবার উদ্ধার করা হয়। বিক্ষুব্ধ জনতা তিন ছিনতাইকারীকে পিটুনি এবং তাদের ব্যবহূত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ মুমূর্ষু অবস্থায় তিন ছিনতাইকারীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক ছিনতাইকারীর মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। আহত একজনের নাম মনির। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। অন্যজনের পরিচয় জানা যায়নি।অন্যদিকে গুলিবিদ্ধ রাজু আহম্মেদ ও ছুরিকাহত আবদুল মান্নানকে প্রথমে নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গতকাল সন্ধ্যা পৌনে সাতটায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার জানান, টাকা উদ্ধারের জন্য ছিনতাইকারীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।