ফতোয়া অবৈধ-সংক্রান্ত আপিলের রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ বৃহস্পতিবার। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।এ-সংক্রান্ত আপিলের ওপর নবম দিনের শুনানি শেষে ৪ এপ্রিল আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। গতকাল বুধবার বিকেলে প্রকাশিত আপিল বিভাগের আজকের কার্যতালিকায় বিষয়টি রায় ঘোষণার জন্য এক নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। তালিকা অনুসারে সকাল নয়টায় এজলাস বসার কথা।জানা যায়, ১০ বছর আগে হাইকোর্ট ফতোয়াবিরোধী রায় দিয়েছিলেন। ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল করেন। চলতি বছরের ১ মার্চ থেকে আপিলের ওপর শুনানি শুরু হয়।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আপিলকারীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক, আইনজীবী মো. নজরুল ইসলাম ছাড়াও অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, এম জহির, এ বি এম নুরুল ইসলাম, এ এফ হাসান আরিফসহ কয়েকজন আইনজীবী বক্তব্য দেন। এ ছাড়া গত ১০ মার্চ ফতোয়া সম্পর্কে বিশেষজ্ঞ আলেমের মতামত জানতে চান সুপ্রিম কোর্ট। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল পাঁচ বিশেষজ্ঞ আলেম আদালতে এসে মতামত দেন।