ফতোয়া অবৈধসংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
ফতোয়া অবৈধ ঘোষণা করে ২০০১ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ শুনানি গ্রহণ করেন। কাল বুধবারও আবার শুনানি হবে।শুনানির শুরুতেই আদালত পক্ষগুলোর কাছে জানতে চান, কী কী যুক্তি ও বিষয়বস্তুর ওপর শুনানি হবে। জবাবে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী কামাল হোসেন বলেন, ‘এর সঙ্গে সংবিধানের ব্যাখ্যা জড়িত। ক্ষমতা প্রয়োগের উত্স সংবিধানে থাকতে হবে। কোন ক্ষমতাবলে নির্যাতন করা হচ্ছে, তার উত্স থাকতে হবে। দেখতে হবে, সংবিধান তাঁকে সে অধিকার দিয়েছে কি না। ধর্মীয় বিষয় নিয়ে বিতর্ক কাম্য নয়। বিতর্কের জন্য বিতর্ক সৃষ্টি করা ঠিক নয়।’ পাকিস্তানে শিয়া ও সুন্নিদের বিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ধর্মকে ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে ব্যবহার সমর্থনযোগ্য নয়।’ আপিলকারীর পক্ষে আইনজীবী নজরুল ইসলাম বলেন, ফতোয়া কাকে বলে, ফতোয়া ও বিচারের মধ্যে তফাত, ফতোয়ার সঠিক ও অপপ্রয়োগ—এসব বিষয় আলোচনায় স্থান পাবে। ইসলামি আইন ও ইতিহাস অনুসারে, ফতোয়া ইসলামের অবিচ্ছেদ্য অংশ। এটা নিন্দিত করা ঠিক হবে না—এ যুক্তিও তুলে ধরা হবে। তবে ফতোয়ার অপপ্রয়োগ নিষিদ্ধ করা সমর্থনযোগ্য। আদালত থেকে বের হয়ে কামাল হোসেন জানান, আদালত বলেছেন, শুনানি অব্যাহত থাকবে। সরকারও এতে পক্ষভুক্ত হয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত, ১০ বছর আগে হাইকোর্ট ফতোয়াবিরোধী রায় দিয়েছিলেন। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইনি কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল দায়ের করেন।গত ১৪ ফেব্রুয়ারি এ বিষয়ে ১০ জন অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) টি এইছ খান, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এ বি এম নূরুল ইসলাম, এম জহির, রাবেয়া ভূঁইয়া, এম আই ফারুকী, রোকন উদ্দিন মাহমুদ ও তানিয়া আমীরকে নিয়োগ দেওয়া হয়।