ফতোয়া নিষিদ্ধের বিরুদ্ধে আপিল, নয় বছর শুনানির অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া নিষিদ্ধ করে দেওয়া হাইকোর্টের রায় নয় বছরেরও বেশি সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্ট ফতোয়া নিষিদ্ধ করে রায় দেন। মামলার পক্ষভুক্ত না হয়েও ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি মোহাম্মদ তৈয়্যব এবং জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আজাদ এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু নয় বছরে আপিল বিভাগে মামলাটির শুনানি হয়নি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট আইন না থাকায় ফতোয়াবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আপিল বিভাগে অপেক্ষমাণ শুনানি নিষ্পত্তি হলে এ সমস্যার সমাধান হতে পারে।এ অবস্থায় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গত ২৪ মে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেন। রুলে ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি কেন অবৈধ ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে ফতোয়াবিরোধী রায়ের মামলাটি নিষ্পত্তিতে সরকারের তেমন উৎসাহ ছিল না। নতুন করে এ বিষয়ে রুল জারি হওয়ায় আবার বিষয়টি নজরে এসেছে।আপিলকারী মুফতি মোহাম্মদ তৈয়্যব প্রথম আলোকে বলেন, ‘আমরাও সময় নিয়েছি, সরকারও সময় নিয়েছে। সরকার হয়তো ভাবছিল, মামলায় হারলেও সমস্যা, জিতলেও সমস্যা।’ তিনি জানান, দেড় বছর আগে তিনি আদালতে খোঁজ নিয়েছিলেন। তখন মামলাটি ওঠার কথা ছিল। কিন্তু এখন কোন পর্যায়ে আছে, তা তিনি জানেন না।মুফতি তৈয়্যবের আইনজীবী মুজিবুর রহমান ও অপর আপিলকারী আবুল কালাম আজাদ তাঁর আইনজীবী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। আবদুর রাজ্জাক কয়েক মাস আগে প্রথম আলোকে বলেন, ‘আমরাও চাই, মামলাটির শুনানি হোক। তবে আমাদের দেশে আট বছর কেন, ১৮ বছরও মামলা পড়ে থাকে।’তবে গতকাল সোমবার যোগাযোগ করা হলে আপিলকারী পক্ষের একজন আইনজীবী প্রথম আলোকে বলেন, গত সপ্তাহে আবেদন দুটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ছিল। তবে আদালত বলেছেন, ৪ জুন সুপ্রিম কোর্টের ছুটি শেষ হওয়ার পর আবার তা কার্যতালিকায় আসবে।রাষ্ট্রপক্ষের বক্তব্য: অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত বছরের ৬ এপ্রিল মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় আসে। রাষ্ট্রপক্ষ ১ জুন পর্যন্ত সময় নেয়। কিন্তু এরপর মামলাটি কার্যতালিকায় ওঠেনি।ওই কর্মকর্তা জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ইনায়েতুর রহিমকে মামলাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানকে মামলাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। মামলাটি শুনানির অপেক্ষায় আছে।আসকের আইনজীবী যা বলেন: আপিলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রকেও (আসক) পক্ষ করা হয়েছে। আসকের আইনজীবী ওবায়েদুর রহমান বলেন, ফতোয়ার ফলে মানবাধিকার ও আইন কীভাবে লঙ্ঘিত হয় এবং এর ফলে নারীরা যে নির্যাতনের শিকার হচ্ছে, এ বিষয়ে তাঁরা শুনানিতে তুলে ধরার চেষ্টা করবেন।ফতোয়া নিষিদ্ধ করে রায়: ২০০০ সালের ২ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকায় নওগাঁ জেলার সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের আতিথা গ্রামে এক গৃহবধূকে ফতোয়া দিয়ে হিল্লা বিয়ে করতে বাধ্য করার বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার আদালত কেন ফতোয়া প্রদানকারী হাজি আজিজুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি এক স্বতঃপ্রণোদিত রুল জারি করেন।পরে ২০০১ সালের ১ জানুয়ারি দুই বিচারপতি ফতোয়াকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বলেন, একমাত্র আদালতই মুসলিম বা অন্য কোনো আইন অনুযায়ী আইনসংক্রান্ত কোনো প্রশ্নে মতামত দিতে পারেন। কেউ ফতোয়া দিলে তা ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে। রায়ে সব মসজিদের ইমামকে শুক্রবার জুমার খুতবায় এবং স্কুল ও মাদ্রাসায় মুসলিম পারিবারিক অধ্যাদেশ নিয়ে আলোচনা করারও সুপারিশ করা হয়।আপিল: রায় ঘোষণার পরই ধর্মভিত্তিক দলগুলো এর বিরুদ্ধে আন্দোলনে নামে। ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী রায়কে ইসলামবিরোধী আখ্যা দিয়ে বিচারপতি রাব্বানীকে ‘মুরতাদ’ ঘোষণা করেন। এরপর ধর্মভিত্তিক দলগুলোর পক্ষ থেকে আপিল বিভাগে পাঁচটি আবেদন করা হয়। এর মধ্যে মুফতি তৈয়্যবের পক্ষে মুজিবুর রহমান ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি এবং কিছুদিন পর আবুল কালাম আজাদের পক্ষে আবদুর রাজ্জাকের আপিল দুটি গ্রহণ করা হয়।মুফতি তৈয়্যবের পক্ষে করা আবেদনে বলা হয়, ইসলামি শরিয়া আইনে ফতোয়া একটি অবিচ্ছেদ্য অংশ। ...একটি ঘটনায় সব ধরনের ফতোয়াকে অবৈধ ঘোষণা অযৌক্তিক। এটি ইসলামের বিধান ও বাংলাদেশের সংবিধানের ২(ক), ৮(১), (১ক) ও ৪১(১) অনুচ্ছেদের বিরোধী। এই রায় কোরআন-সুন্নাহর বিধানকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। কোরআনের বিধানের বিষয়ে হাইকোর্টের বিচারপতির রায় দেওয়ার অধিকারই নেই।অপর আপিল আবেদনের ভাষাও মোটামুটি একই রকম। তবে জোট সরকারের শরিক দলের নেতা হয়েও তাঁরা মামলাটির সমাধানে খুব একটা আগ্রহী ছিলেন না। ইসলামী ঐক্যজোটের নেতা ও হাইকোর্টের আইনজীবী আবদুর রকিব প্রথম আলোকে বলেন, জোট সরকারের আমলে জামায়াতের ১৭ জন এবং ইসলামী ঐক্যজোটের তিনজন সাংসদ ছিলেন। কিন্তু ইসলামের পক্ষে তাঁরা কিছু করেননি।বিশেষজ্ঞ মতামত: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কতগুলো ভুল ধারণার ভিত্তিতে আপিল করা হয়েছে। মুসলিম শরিয়া আইন আমাদের আইনি ব্যবস্থার অংশ নয়। শরিয়া আইনের যুক্তির ওপর ভিত্তি করে তারা আরও যেসব যুক্তি দিয়েছে, সেগুলোও একই কারণে গ্রহণযোগ্য নয়। আমাদের আইনি কাঠামোতে কোনো আইনি বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বিচার প্রশাসন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। অন্য কেউ এখানে আইনি বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবে না। এদিক থেকেও ফতোয়া দেওয়া আইন ও সংবিধানবিরোধী।’অধ্যাপক মিজান বলেন, ‘আমাদের আইনি কাঠামোতে নজির আইনের একটি উৎস। একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আদালত এমন সিদ্ধান্তে উপনীত হন, এ রকম সব ঘটনার ওপরই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। ফতোয়াবিরোধী রায়ও তেমন একটি রায়।’ তিনি বলেন, ‘ফতোয়াগুলো একপেশে ও নারীবিরোধী হয়ে থাকে। অথচ আমাদের সংবিধানে বলা আছে, নারী-পুরুষ নির্বিশেষে আইনে কোনো বৈষম্য করা যাবে না।’