ফতোয়া বিষয়ে সরকারের প্রতি হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি শরিয়া বা ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে ফতোয়া ও শরিয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি নিরুৎসাহিত করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে এসংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ ও শিক্ষার উপকরণ অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয়েছে। আজ সোমবার এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। ফতোয়া ও শরিয়ার নামে শাস্তি দেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।‏আদালত এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, ধর্মবিষয়ক সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব, পুলিশের মহাপরিদর্শক, ব্রা‏হ্মণ‏‏বাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলেছেন। এ ছাড়া আদালত ঘটনা তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নির্যাতিত মেয়েটি ও তার অভিভাবককে যথাযথ নিরাপত্তা দিয়ে আগামী ২ জুন হাইকোর্টে হাজির করতে ব্রা‏হ্মণ‏‏বাড়িয়ার পুলিশ সুপার ও বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। তবে মেয়েটির নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমে তার নাম ও ছবি প্রকাশ না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। ২২ মে প্রথম আলোতে ‘বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা, গ্রেপ্তার ৪’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলমসহ তিনজন হাইকোর্টে রিটটি করেন।