ফতোয়া বিষয়ে ৫ আলেমের নাম প্রস্তাবের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া বিষয়ে মতামত দিতে পাঁচজন আলেমের নাম প্রস্তাব করতে ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দেওয়া হয়েছে। আপিল বিভাগ তাঁদের মতামত আদালতে অবিলম্বে দাখিল করতে বলেছেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালত ২১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আজ পঞ্চম দিনের শুনানিতে আপিলকারীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, ফতোয়ার নামে যে আইনবহির্ভূত কাজ হচ্ছে, তা রোধের জন্য পর্যাপ্ত আইন রয়েছে। দণ্ডবিধির আলোকে এর শাস্তি বিধান করা যেতে পারে। তিনি বলেন, ‘ফতোয়া অবৈধ ঘোষণা করা হলে মুসলমানদের জীবনই বিপন্ন হয়ে যেতে পারে। ইসলামি শরিয়া চলমান প্রক্রিয়া। এটা মারাত্মকভাবে ব্যাহত হবে। একজন মুফতি বা ইসলামি পণ্ডিতের ধর্মীয় বিষয়ে মতামত প্রদানের অধিকার আমাদের সংবিধানের ৩৯, ৪০ ও ৪১ অনুচ্ছেদে স্বীকৃত একটি মৌলিক অধিকার, যা খর্ব করা যায় না।’জানা যায়, ১০ বছর আগে হাইকোর্ট ফতোয়াবিরোধী রায় দিয়েছিলেন। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল দায়ের করেন। এরপর চলতি ১৪ ফেব্রুয়ারি এ বিষয়ে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে টি এইচ খান, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এ বি এম নূরুল ইসলাম, এম জহির, রাবেয়া ভূঁইয়া, এম আই ফারুকী ও রোকন উদ্দিন মাহমুদ রয়েছেন। এরপর ১ থেকে ৩ মার্চ আপিলের ওপর শুনানি হয়। ৩ মার্চ শুনানির পর আদালত গতকালও শুনানি করেন।