ফতোয়া মামলার ১৩ আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের কিশোরী হেনা আক্তারকে ধর্ষণ ও ফতোয়ার মাধ্যমে দোররা মারার মামলার ১৩ আসামির নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আর নতুন আসামি হিসেবে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে হেনার নিকটাত্মীয় ও ঘটনার পর তার পরিবারকে সহযোগিতাকারী তিনজনকে।একই সঙ্গে হত্যা মামলার অভিযোগপত্রেও হেনার নিকটাত্মীয় আটজনকে আসামি করা হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন হেনার বাবা ও মা। তাঁরা অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেবেন বলে জানিয়েছেন।গত বৃহস্পতিবার মামলা দুটির তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মনিরুজ্জামান শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুটি অভিযোগপত্র দাখিল করেন।হেনার পরিবার ও গ্রামবাসীর ভাষ্যমতে, নড়িয়া উপজেলার চামটা গ্রামের দরিদ্র কৃষক দরবেশ খাঁর কিশোরী কন্যা হেনা আক্তারকে গত ২৩ জানুয়ারি ধর্ষণ করেন চাচাতো ভাই মাহাবুব খান। এ ঘটনায় উল্টো হেনাকে মারধর করেন মাহাবুবের স্ত্রী শিল্পী বেগম ও তাঁর স্বজনেরা। পরদিন এ নিয়ে চামটা ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন সদস্য ইদ্রিস শেখের নেতৃত্বে সালিস বৈঠক বসে। সালিসকারীরা হেনা ও মাহাবুবকে দোররা মারার ফতোয়া দেন। দোররার আঘাতে আহত হেনা চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি রাতে মারা যায়। ১ ফেব্রুয়ারি হেনার বাবা দরবেশ খাঁ ১৮ জনকে আসামি করে নড়িয়া থানায় হত্যা মামলা করেন। মামলার ধারা দণ্ডবিধির ৩০২/১১৪/৩৪, অর্থাৎ হুকুম দিয়ে খুন করা।এ নিয়ে পরদিন ২ ফেব্রুয়ারি ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই মামলায় ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মারার বিষয়টি এড়িয়ে যায় পুলিশ। পরে উচ্চ আদালতের নির্দেশে ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মারার অভিযোগে ১১ ফেব্রুয়ারি মামলা নেয় নড়িয়া থানার পুলিশ। এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০-এর ৭/৯(১)/৩০ তৎসহ ১৪৩/১২০ বি/৩২৩/৩২৫/১১৪ দণ্ডবিধি যুক্ত করা হয়েছে। অর্থাৎ আসামিরা অপহরণ করে ধর্ষণ ও এতে সহযোগিতা এবং ব্যাপক ষড়যন্ত্রের অপরাধ করেছেন। সেই সঙ্গে তাঁরা ফতোয়ার মাধ্যমে দোররা মেরে সাধারণ ও গুরুতর জখম এবং অপহরণ করার অপরাধ করেছেন।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপির কার্যালয় সূত্র জানায়, প্রথমে নড়িয়া থানার পুলিশ মামলা দুটির তদন্ত শুরু করে। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। প্রায় পাঁচ মাস তদন্ত শেষে মামলা দুটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান গত বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এর মধ্যে হত্যা মামলায় নিপু খান, জসিম মীরমালত, সোহাগ মীরমালত, শাহিদা বেগম, হাসেম মীরমালত, আনোয়ার হোসেন মীরমালত, শাহেদ আলী তালুকদার ও নূর মোহাম্মদ মীরমালতকে নতুন করে আসামি করা হয়েছে।ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মারার অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত আসামি তৎকালীন ইউপি সদস্য ইদ্রিস শেখ, আক্কাস মীরমালত, ইয়াসিন মীরমালত, দিল মোহাম্মদ, আলাবক্স করাতী, জয়নাল মীরমালত, আবদুল লতিফ মীরমালত, মসজিদের ইমাম মফিজ তালুকদার, আবদুল হাই মীরমালত, মাদ্রাসার তত্ত্বাবধায়ক সাইফুল্লাহ, রবিউল খান, হাসান মীরমালত ও জামাল সিকদারের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। এতে হত্যা মামলায় নতুন আসামি নিপু খান, জসিম মীরমালত ও শাহিদা বেগমের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।ঘটনার পরপর পুলিশ মাহাবুব ও তাঁর স্ত্রী শিল্পী বেগম, ইদ্রিস শেখ, ইমাম মফিজ, ইয়াসিন, আলাবক্স, জয়নাল ও আবদুল লতিফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁরা সবাই হেনাকে ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মেরে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।হত্যা মামলার অভিযোগপত্রে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া আসামি আনোয়ার হোসেন মীরমালত প্রথম আলোকে বলেন, ‘হেনারা আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। ওই ঘটনা ঘটার পর থেকে আমরা নানাভাবে তার পরিবারকে সহযোগিতা করছি। আমি ঢাকায় বসবাস করি। ঘটনা ঘটার ১০-১২ দিন পর গ্রামে এসেছিলাম। সিআইডি কেন অভিযোগপত্রে আমাকে আসামি করেছে, জানি না।’হত্যা মামলার বাদী হেনার বাবা দরবেশ খাঁ বলেন, ‘নতুন যে আটজনকে আসামি করা হয়েছে, তাঁরা সবাই আমার আত্মীয়স্বজন। ঘটনার পর তাঁরা সবাই নানাভাবে আমাকে সহযোগিতা করছেন। এখন তাঁরা আসামি হওয়ায় সামাজিক ও পারিবারিকভাবে বেকায়দায় পড়েছি। তা ছাড়া এ মামলার সাক্ষীদের প্রভাবিত করতে একজন সাক্ষীর ভাইকেও আসামি করা হয়েছে।’ধর্ষণ ও ফতোয়া দিয়ে দোররা মারার মামলার বাদী হেনার মা আকলিমা বেগম বলেন, ‘যারা আমার মেয়েকে ফতোয়া দিয়ে দোররা মারল, অভিযোগপত্র থেকে তাদের নাম কেন বাদ দেওয়া হলো জানি না।’দরবেশ খাঁ ও আকলিমা বেগম বলেন, নতুন করে আসামি করা ও আসামি বাদ দেওয়ার ব্যাপারে সিআইডি তাঁদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তাঁরা দুটি অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করবেন।হেনা হত্যা মামলার আইনজীবী রওশন আরা বেগম বলেন, অভিযোগপত্রের অনুলিপি পেয়েছি। অভিযোগপত্র থেকে আসামি বাদ দেওয়া ও নতুন করে অন্তর্ভুক্ত কেন করা হয়েছে, আমরা বুঝতে পারছি না। বাদীর সঙ্গে আলোচনা করে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজির আবেদন দেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘হেনা হত্যা, ষড়যন্ত্র ও ধর্ষণের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় নতুন কয়েক ব্যক্তির নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ধর্ষণের ঘটনায় জড়িত না থাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা থেকে কয়েক ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ওই আটজনের নাম হত্যা মামলার অভিযোগপত্রে রাখা হয়েছে। তাই অন্য মামলায় তাদের রাখা হয়নি।’