আমাদের দেশে দীর্ঘদিন ধরে ধর্মকে অপব্যবহার করে একশ্রেণীর অজ্ঞ বা অর্ধশিক্ষিত মানুষ ফতোয়াবাজির মাধ্যমে বেআইনিভাবে মানুষকে শাস্তি দিয়ে আসছে। এটা আইন ও সংবিধানের লঙ্ঘন। ফতোয়াবাজির কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের ফতোয়ার শিকার হচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে নারীরা এবং সমাজের সুবিধাবঞ্চিত ও দুর্বল মানুষ। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। চালাতে হবে সচেতনতামূলক কার্যক্রম।গতকাল রোববার বিকেলে প্রথম আলোর কার্যালয়ে ‘আর নয় ফতোয়া’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। আলোচনায় সূচনা ও সমাপনী বক্তব্য দেন বিচারপতি গোলাম রাব্বানী।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাব, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও শাহনাজ হুদা, একই বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক আয়েশা বানু ও অভিনেত্রী বিপাশা হায়াত আলোচনায় অংশ নেন। গোলটেবিল সঞ্চালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।আলোচনায় বলা হয়, ফতোয়ার নামে মূলত নারীদের নির্যাতন করা হয়। এর মাধ্যমে সাজা দেওয়া হোক আর না হোক, ভুক্তভোগীকে সামাজিকভাবে পঙ্গু করে দেওয়া হয়। শরীয়তপুরে দোররার আঘাতে কিশোরী হেনার মৃত্যুর ঘটনা পৃথিবীর অনেক দেশে যেভাবে প্রচারিত হয়েছে, তাতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিরাট প্রশ্ন দেখা দিতে পারে। ফতোয়াবাজি বন্ধে আলোচকেরা নানা পরামর্শ দেন।শাস্তি নিশ্চিত করতে হবে: নাহিদ মাহতাব বলেন, কয়েকজন ফতোয়াবাজকে শাস্তি দেওয়া হলে অনেক সাফল্য আসবে। আসিফ নজরুলও একই মত প্রকাশ করেন।সুলতানা কামাল বলেন, যাঁরা ফতোয়া দেন, তাঁরা জানেন, এসব করলে তাঁদের জবাবদিহির মুখোমুখি হতে হবে না।দণ্ডবিধিতে উল্লেখ নেই: বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ফতোয়া দেওয়া যে শাস্তিযোগ্য অপরাধ, দণ্ডবিধিতে তো সে বিষয়ে কিছু বলা নেই। উদাহরণস্বরূপ তিনি বলেন, কিশোরী হেনার বিষয়ে ফতোয়া দেওয়ার পর তাকে যিনি দোররা মেরেছেন, তাঁর হয়তো সাত বছরের জেল বা যাবজ্জীবন কারাদণ্ড হবে। কিন্তু কেউ ফতোয়া দিয়ে বাড়িতে বসে থাকলে তাঁকে কীভাবে সাজা দেওয়া হবে?মুরাদ রেজা মনে করেন, ফতোয়াবাজদের আপাতত হুকুমের আসামি করা যেতে পারে।নাহিদ মাহতাব বলেন, ফতোয়ার নামে বিচার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আয়েশা খানম বলেন, আইন বা সংবিধানের বিরুদ্ধে রায় দেওয়ার অধিকার কারও নেই।নারী নির্যাতন: আয়শা খানম বলেন, প্রায় ক্ষেত্রেই নারীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়। একজন নারীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব বিষয়ে ফতোয়া চলছে। মুরাদ রেজা মনে করেন, ফতোয়ার মাধ্যমে নারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। শাহনাজ হুদা বলেন, অনেক ক্ষেত্রে ধর্ষণের পর উল্টো ভুক্তভোগীকেই শাস্তি দেওয়া হচ্ছে। এটা পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি।নাহিদ মাহতাব বলেন, চোরাকারবারি, ঋণখলাপি, নির্যাতনকারীদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেওয়া হয় না। শাহনাজ হুদা বলেন, যৌতুক নেওয়া ইসলামবিরোধী—এ রকম কোনো ফতোয়া তো আমরা দেখিনি।আসলে ফতোয়া কী, সমাজে হচ্ছে কী, কেন হচ্ছে: গোলাম রাব্বানী বলেন, ফতোয়াবাজেরা কোরআন-হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছেন। সংবিধান অনুযায়ী আইনি মতামত একমাত্র আদালত দিতে পারেন। যিনি ফতোয়া দিচ্ছেন, তাঁর আইনি অধিকার কী?এ কে এম শহিদুল হক বলেন, ইসলাম-সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিরোধের উৎপত্তি হলে কোরআন-হাদিস-ইজমা-কিয়াস অনুযায়ী ইসলামী আইন বিশেষজ্ঞরা মতামত দেন। একে ফতোয়া বলে। কিন্তু আমাদের দেশে কিছু অর্ধশিক্ষিত বা অজ্ঞ ব্যক্তি ফতোয়ার নামে বিচার করে বেড়ান।শাহনাজ হুদা বলেন, আনুষ্ঠানিক বিচারব্যবস্থার কাছে পৌঁছানোর ক্ষমতা নেই বলেই অনেক ক্ষেত্রে মানুষ বিকল্প বিচারের দিকে যায়।আসিফ নজরুল বলেন, যে দেশে আইনের শাসন নেই, সে দেশে ফতোয়াবাজির মতো ঘটনা ঘটে।সুলতানা কামাল বলেন, গ্রামে নারীদের মধ্যে সচেতনতা জেগেছে। তাঁরা বাইরে বের হয়ে এসেছেন। নিজেরা কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। তাঁদের ফতোয়া দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।নীতিমালা তৈরি ও জনসচেতনতা সৃষ্টি প্রচার জরুরি: আয়েশা বানু বলেন, ফতোয়া দেওয়া যে একটি অপরাধ, সেটার ব্যাপক প্রচার চালাতে হবে। পারিবারিক আইন, যৌন সহিংসতার বিষয়গুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত। বিপাশা হায়াত বলেন, ফতোয়া আসলে কী, কারা ফতোয়া দিতে পারে, সেটা সাধারণ মানুষ জানে না। আসিফ নজরুল মনে করেন, ফতোয়ার বিরুদ্ধে প্রচার কম। কোনো ঘটনা ঘটলে আমরা প্রচার চালাই। পরে আবার ভুলে যাই। মুরাদ রেজাও মনে করেন, মানুষকে শিক্ষিত করার বিকল্প নেই।এ কে এম শহিদুল হক বলেন, সরকার একটি নীতিমালা করতে পারে। ফতোয়ার নামে কাউকে সাজা দেওয়া যাবে না, সেটা স্পষ্ট করে বলতে হবে।আরও পরামর্শ: আয়েশা বানু বলেন, বেশির ভাগ ফতোয়ার ঘটনায় আপসের ঘটনা ঘটে। অথচ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন অনুযায়ী নারী নির্যাতনের ঘটনায় আপস করা যাবে না। মুরাদ রেজা বলেন, মানুষকে যেন সালিসের নামে মাতব্বরের কাছে যেতে না হয়, সেদিকে দৃষ্টি দেওয়া দরকার। গ্রাম আদালত আইনে ফতোয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে।সুলতানা কামাল বলেন, পুলিশের তথ্য সংগ্রহপদ্ধতিকে আরও সহজ ও গণমুখী করা দরকার। দোররার মতো ঘটনা ঘটার আগেই যেন পুলিশ খবর পায়, সে ব্যবস্থা করতে হবে।প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, ফতোয়াবাজি প্রতিরোধ শুধু নারীর বিষয় নয়। নারী-পুরুষের সবার বিষয়। আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে।বিপাশা হায়াত বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনেক সময় রাস্তায় বের হলে নারীদের হয়রানির শিকার হতে হয়। বখাটেরা নারীদের যেভাবে অপমানের চোখে দেখে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যও অনেক সময় সেভাবেই দেখেন। নারীর প্রতি শ্রদ্ধাবোধের জায়গা তৈরি করতে হবে পরিবার থেকে।রাষ্ট্রযন্ত্র উদাসীন: আয়শা খানম বলেন, দীর্ঘদিন ধরে ফতোয়াবাজির ঘটনা ঘটলেও রাষ্ট্র, সরকার এ বিষয়ে উদাসীন। আয়েশা বানু বলেন, ফতোয়াবিরোধী রায় ১০ বছরেও কার্যকর করা যায়নি। এটা দুর্ভাগ্যজনক।হেনার প্রসঙ্গ তুলে ধরে সুলতানা কামাল বলেন, সুরতহাল প্রতিবেদনে কীভাবে লেখা হয় যে, হেনার সঙ্গে ওই পুরুষের প্রেমের সম্পর্ক ছিল?তবে পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) শহীদুল হক দাবি করেন, যখনই কোনো ঘটনা পত্রিকায় এসেছে, সঙ্গে সঙ্গে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে।