ফতোয়াবাজেরা পার পেয়ে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়ার নামে অনেক বছর ধরে নারী-পুরুষকে দোররা মারা, হিল্লা বিয়ে দেওয়া, একঘরে করে রাখাসহ বিভিন্ন শাস্তি দেওয়ার ঘটনা ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে। কিন্তু যাঁরা আইন নিজের হাতে তুলে নিয়ে এসব কর্মকাণ্ড করছেন, তাঁদের অধিকাংশই সাজার বাইরে থেকে যাচ্ছেন। পর্যালোচনা করে দেখা গেছে, ফতোয়াবাজির ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর পুলিশ কিছু সময় তৎপর থাকে। অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগীরা মামলা করে না। মামলা করলেও পরে আপস করতে বাধ্য হয়। সব মিলে শেষ পর্যন্ত ফতোয়াবাজেরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। ফতোয়া দেওয়ার জন্য আজ পর্যন্ত কারও বিচার হয়নি। তবে ফতোয়ার কারণে প্রাণহানির ঘটনা ঘটলে কেবল সেই মৃত্যুর বিচারের কয়েকটি উদাহরণ আছে। ফতোয়াবাজদের বিচার না হওয়ার কারণ হিসেবে আইনজ্ঞরা বলছেন, ফতোয়া দেওয়া যে আইনবিরুদ্ধ কাজ, তার জন্য কী সাজা হবে, তা দণ্ডবিধিতে উল্লেখ করা নেই। ফলে ফতোয়া দেওয়ার জন্য কাউকে সাজা দেওয়া যাচ্ছে না। ফতোয়াকে বেআইনি ঘোষণা করে ২০০১ সালে হাইকোর্ট রায় দিয়েছেন। কিন্তু সেই রায় এখনো কার্যকর করা যায়নি। কারণ ওই রায়ের বিরুদ্ধে দুজন ধর্মীয় নেতা আপিল করেছেন এবং গত ১০ বছরেও তার শুনানি হয়নি। ফতোয়ার অনেকগুলো ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মামলা করেছিল বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে প্রথম আলোকে বলেন, যেসব ফতোয়াবাজির কারণে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, কেবল সেসব ঘটনার হয়তো বিচার হয়। কিন্তু ফতোয়া দেওয়ার দায়ে কারও সাজা হয় না। সেসব ক্ষেত্রে ভুক্তভোগীদের আপস করতে হয়।মানবাধিকারকর্মী এলিনা খান প্রথম আলোকে বলেন, ‘আমরা কাজ করতে গিয়ে দেখেছি, ফতোয়ার ঘটনার পর অনেক ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথভাবে মামলা করে না। এ কারণে দায়ীদের শাস্তি দেওয়া সম্ভব হয় না।’ সংবাদপত্রে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে আইন ও সালিশ কেন্দ্র ফতোয়াবাজির ঘটনাগুলোর যে হিসাব প্রকাশ করেছে তাতে দেখা যায়, ১৯৯৫ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশে ৫০৩টি ফতোয়াবাজির ঘটনা ঘটেছে। ফতোয়াবাজির কারণে মৃত্যু ও আত্মহত্যার ঘটনা ঘটেছে ১৫টি। কিন্তু এই ১৫ বছরে মামলা হয়েছে মাত্র ১১৭টা। তবে কতজনের সাজা হয়েছে, তার পরিসংখ্যান পাওয়া যায়নি। আর বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হিসাব অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ১১ বছরে ফতোয়ার ঘটনা ঘটেছে ৩৩১টি। প্রথম আলোড়ন: ১৯৯৩ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামে গৃহবধূ নূরজাহানকে মাটিতে পুঁতে ১০১টি পাথর ছুড়ে মারা হয়। পরে নূরজাহান বিষপানে আত্মহত্যা করেন। খবরটি গণমাধ্যমে প্রকাশের পর ফতোয়া দানকারী মাওলানা মান্নানসহ নয়জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এঁদের সাত বছর করে কারাদণ্ড হয়। বেসরকারি উন্নয়ন সংস্থার কাজ, এমনকি জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদ পালন করাকেও কখনো কখনো ফতোয়াবাজেরা হারাম ঘোষণা করেছিলেন। ১৯৯৪ সালে বিশ্ব নারী দিবস পালনের বিরুদ্ধেও ফতোয়া দেওয়া হয়েছিল। একই বছর রাঙামাটিতে জাতীয় সংগীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলনকে হারাম ঘোষণা করেন ফতোয়াবাজেরা।তবে অধিকাংশ ক্ষেত্রে ফতোয়াবাজির শিকার হচ্ছে নারীরা। সর্বশেষ গত ৩১ জানুয়ারি শরীয়তপুরে ফতোয়াবাজদের দোররার আঘাতে কিশোরী হেনা আক্তার মারা যায়। সুনির্দিষ্ট আইন নেই: ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও নাজমুন আরা সুলতানা ফতোয়া দেওয়াকে অবৈধ ঘোষণা করেন। বিচারপতি রাব্বানী গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমি ফতোয়াকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করে দণ্ডবিধিতে একটি ধারা সংযুক্ত করার কথা বলেছিলাম। রায় বাস্তবায়ন না হওয়ায় এখনো ফতোয়া দেওয়া চলছে।’ তিনি ফতোয়া নিষিদ্ধ করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলটি দ্রুত শুনানি করতে সরকারের প্রতি আহ্বান জানান।মামলা হলেও সাজা হয় না: ২০০৯ সালে নয়টি ফতোয়াবাজির ঘটনা নিয়ে প্রথম আলোতে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে, এর মধ্যে কেবল একটি ঘটনায় করা মামলা চলছে। দুটি ঘটনায় বাদী মামলা তুলে নিতে বাধ্য হয়েছেন। বাকি অভিযোগগুলোর বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ২০০৯ সালের ২৮ মে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পরকীয়ার অভিযোগ এনে গ্রাম্য মাতব্বরেরা এক নারী ও পুরুষকে ১১০টি করে দোররা মারেন। মাতব্বরেরা ওই নারীকে তালাক দিতে স্বামীকে বাধ্য করেন। ওই ঘটনায় মামলা হলে ছয়জন গ্রেপ্তার হন। নবীগঞ্জ থানার ওসি আখতার হোসেন গত সোমবার প্রথম আলোকে জানিয়েছেন, মামলাটি আদালতে বিচারাধীন আছে।২০১০ সালের ১৯ মে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামে ভিন্নধর্মাবলম্বীর সঙ্গে প্রেম করায় এক তরুণীকে দোররা মারেন গোলাম জিলানী, আজাদ বেগ, মাইনউদ্দিন মিয়া, মাওলানা আবদুর রহিমসহ কয়েকজন। থানায় অভিযোগ করা হলে চারজনকে আটক করা হয়। কিন্তু ভুক্তভোগী তরুণীকে আপস করতে বাধ্য করে মাতব্বরেরা। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন সোমবার প্রথম আলোকে বলেন, ‘ওই তরুণী পরে দোররা মারার কথা অস্বীকার করায় মামলা হয়নি।’২০০৯ সালের জুন মাসে কুমিল্লার দেবীদ্বারে এক নারী ও এক যুবককে ৩০৩টি দোররা মারার নির্দেশ দেন স্থানীয় মসজিদের ইমাম মনিরুল ইসলামসহ কয়েকজন। ওই ঘটনার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম গত সোমবার প্রথম আলোকে জানান, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। কিন্তু পরে ভুক্তভোগীরা মামলা তুলে নেন। তাই দায়ীদের আর শাস্তি হলো না।২০০৯ সালের মে মাসে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নে ফতোয়াবাজেরা এক কিশোরীকে ৩৯টি দোররা মারেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা দেশের গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার হয়। পুলিশ ফতোয়া দানকারী আবদুল কাদির, শহীদ ড্রাইভার, জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। পরে সবাই জামিন পান। এঁদের মধ্যে শহীদ ড্রাইভার বিদেশে চলে গেছেন। মামলাটির বিচার কার্যক্রম থেমে গেছে। ভুক্তভোগীর বাবা প্রথম আলোকে জানান, আসামিরা জোর করে আপসনামায় তাঁর ও তাঁর মেয়ের স্বাক্ষর নিয়েছেন। লক্ষ্মীপুর সদরের চররুহিতা গ্রামে ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি ‘পরপুরুষে’র সঙ্গে কথা বলায় সমাজপতিরা এক গৃহবধূকে ৫০টি বেত্রাঘাত করেন। এ ঘটনায় লক্ষ্মীপুর থানায় জনৈক গোফরান মাঝির বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।একই বছরের ৩ জানুয়ারি রাজশাহীর তানোর উপজেলায় কলমা ইউনিয়নের ঘৃতকাঞ্চন গ্রামের মাতব্বর মফিজ উদ্দিন সালিস করে একটি পরিবারকে এক মাসেরও বেশি সময় একঘরে করে রাখেন। ভুক্তভোগী তানোর থানায় লিখিত অভিযোগ করলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। পরে ওই পরিবার মফিজ উদ্দিনের সঙ্গে আপস করতে বাধ্য হয়।মামলা হয় না: ২০১০ সালের শুরুর দিকে নাটোরের সিংড়া উপজেলার করচমারিয়া গ্রামে রাগের মাথায় স্ত্রীকে তালাক বলেন এক ব্যক্তি। সিরাজুল ইসলাম ও হোসেন আলী নামের দুই ব্যক্তি ফতোয়া দেন, আবার সংসার করতে হলে ওই ব্যক্তির স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে হিল্লা বিয়ে দিতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্থানীয় কর্মীরা উদ্যোগ নিয়ে হিল্লা বিয়ে থামাতে সক্ষম হন। কিন্তু ফতোয়াবাজদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। গত বছরের মাঝামাঝি সময়ে ঠাকুরগাঁও সদরের কচুবাড়িতে স্ত্রীকে তালাক বলার পর বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়। তবে স্থানীয় মসজিদের ইমাম হায়দার আলী, আবদুল মজিদ, আবুল হোসেন, সলেমান আলীসহ কয়েকজন ওই দুজনের একত্রে থাকা শরিয়তবিরোধী আখ্যা দিয়ে পরিবারটিকে একঘরে করে রাখেন।পঞ্চগড়ের তৎকালীন সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম তখন ঘটনাস্থলে যাওয়ার পর ফতোয়াবাজেরা আর ঝামেলা করেননি। তবে ফতোয়াবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।২০০৯ সালের ১১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে সালিস বৈঠকে অবৈধ সম্পর্ক থাকার সন্দেহে মাওলানা আলমগীর হোসেন, সর্দার মতি মিয়া, ফিরোজ মিয়া, ধন মিয়া, জহিরুল হক মেম্বারসহ স্থানীয় প্রভাবশালীরা এক গৃহবধূ ও এক ব্যক্তিকে ২১টি দোররা মারেন। এঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি পুলিশ।নবীনগর থানার তৎকালীন উপপরিদর্শক (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় কর্মরত) সিরাজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনা প্রকাশ হওয়ার পর আমি ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয় গণ্যমান্যরা বিষয়টি সুরাহার দায়িত্ব নেওয়ায় মামলা হয়নি।’২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরহরিপুর গ্রামের যুবক ইব্রাহিম হোসেনকে ১০১টি দোররা মারার নির্দেশ দেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আরিফ।দুই বছরেও ওই যুবক বা ফতোয়াবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, কোনো মামলা না হওয়ায় তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারেননি।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী এবং নাটোর, লক্ষ্মীপুর, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), সরিষাবাড়ী (জামালপুর), দাউদকান্দি (কুমিল্লা) ও দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।]