ফতোয়ার নামে নির্যাতন আইন ও ফতোয়ার দৃষ্টিতে বেআইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গওহর ডাঙা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রুহুল আমীন বলেছেন, যে কেউ ফতোয়া দিলে তা গ্রহণযোগ্য হবে না। তাঁকে দক্ষ ও বিজ্ঞ হতে হবে। আল্লাহর যে বিধান আছে, মহানবী (সা.)-এর যে অনুশাসন রয়েছে, তাঁর জীবন থেকে যেসব ব্যাখ্যা এসেছে, তা ফতোয়ার মাধ্যমে জানা সহজ হবে। বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এ থেকে বাঁচতে ধর্মীয় অনুশাসন ও বিধানাবলি চালু থাকা প্রয়োজন।ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে অংশ নিয়ে মুফতি রুহুল আমীন এই মত ব্যক্ত করেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়।এরপর বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষে মুফতি কেফায়েতুল্লাহ বলেন, ফতোয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। ফতোয়া ও আইন কখনো মুখোমুখি হতে পারে না। ফতোয়ার সম্পর্কে ভুল ধারণা রয়েছে। ফতোয়ার অর্থ হলো জানিয়ে দেওয়া। বাস্তবায়নের দায়িত্ব মুফতিদের নয়। তাঁরা বিচারক নন। ফতোয়া ইসলামি বিধি-বিধানের প্রকাশ। সবাই ইসলাম সম্পর্কে জানে না। ফতোয়া নিষিদ্ধ হলে জনগণ জানা থেকে বঞ্চিত হবে। আইনের সীমাবদ্ধতা আছে। তিনি বলেন, ফতোয়ার বিস্তৃতি ব্যাপক। ফতোয়া নিষিদ্ধ হলে মুসলমানদের জীবনধারণ কঠিন হয়ে যাবে বলে মনে করেন তিনি। ফতোয়ার নামে নির্যাতন, আইন ও ফতোয়ার দৃষ্টিতে বেআইনি।নেসারিয়া (কামিল) আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কফিলুদ্দিন সরকার বলেন, ফতোয়া নিষিদ্ধ করা হলে কোরআনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে। মহানবী (সা.) ফতোয়া দিয়েছিলেন। এরপর ১৪৯ জন সাহাবি উদ্ভূত পরিস্থিতি সমস্যা সমাধানে ফতোয়া দিয়েছেন। এটা নিষিদ্ধ হওয়ার মতো নয়। ফতোয়া চলমান প্রক্রিয়া।বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষাসচিব মুফতি মিজানুর রহমান বলেন, ফতোয়া বন্ধ করার অর্থ হচ্ছে কোরআন-হাদিসকে বন্ধ করে দেওয়া। উদাহরণ টেনে তিনি বলেন, ফতোয়া হচ্ছে ফরজে কিফায়া। এলাকার কয়েকজন পালন করলে সবার পালন করা হয়ে যায়। কিন্তু ওই ফরজ আদায় না করলে সবাই গুনাহগার হয়। কোরআন-সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে ফতোয়ার নামে দণ্ডবিধি কার্যকর হলে ইসলাম তা গ্রহণ করবে না। হাইকোর্টের রায় বাতিলযোগ্য দাবি করে তিনি বলেন, ধর্ম সম্পর্কে জানতে হলে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করলে জবাব দিতে হবে—এটাই ফতোয়া। ফতোয়াকে চলতে দিতে হবে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে শর্ত ও যোগ্যতা বিদ্যমান রয়েছে। যাঁরা যোগ্য, তাঁরাই ফতোয়া দিতে পারবেন, অন্যথায় তা হবে ফতোয়াবাজি। ফতোয়া জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য উল্লেখ করে তিনি বলেন, যোগ্য ও সনদপ্রাপ্তরা ফতোয়া দিতে পারেন।গত ১০ মার্চ ফতোয়া সম্পর্কে বিশেষজ্ঞ আলেমের মতামত জানতে চান সুপ্রিম কোর্ট। লিখিতভাবে তাঁদের মতামত দিতে বলা হয়। তবে তাঁরা চাইলে আদালতে এসে মৌখিকভাবে মতামত দিতে পারবেন বলে আদালত জানান। এ জন্য বিশেষজ্ঞ পাঁচজন আলেম মনোনীত করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে (ডিজি) বলা হয়।