ফতোয়া ও শরিয়াহর নামে বিচারবহির্ভূত শাস্তি দেওয়াকে কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানাতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রুল জারি করেন। আদালত একই সঙ্গে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন পর্যায়ের পাঠ্যসূচিতে বিচারবহির্ভূত শাস্তি প্রদান নিরুৎসাহিত করা বিষয়ে প্রবন্ধ অন্তর্ভুক্তির নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চান। স্বরাষ্ট্র, আইন, ধর্ম ও সংস্কৃতিসচিব, পুলিশের মহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বাঞ্ছারামপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত। ‘বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা, গ্রেপ্তার ৪’ শিরোনামে ২২ মে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়। এর অনুলিপি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে আইনজীবী মাহবুব শফিক, কে এম হাফিজুল আলম ও ইমরানুল হাই রিটটি করেন। প্রাথমিক শুনানির পর গতকাল আদালত বাঞ্ছারামপুরে তরুণী নির্যাতনের ঘটনা তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। একই সঙ্গে তরুণী ও তাঁর পরিবারের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে ২ জুন তাঁকে আদালতের সামনে হাজির করতে পুলিশ সুপার ও বাঞ্ছারামপুরের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমকে নিরাপত্তার স্বার্থে তরুণীর নাম ও ছবি প্রকাশ না করতেও বলেছেন আদালত। রিট দায়েরকারী আইনজীবী মাহবুব শফিক শুনানিতে বলেন, সংবাদপত্রে বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা মারার ঘটনা প্রকাশিত হয়েছে। সারা দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটছে। এভাবে ফতোয়ার নামে নারীদের বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু অপরাধ করলে রাষ্ট্রীয় ব্যবস্থা ও আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা রয়েছে। কেউ আইন হাতে তুলে নিতে পারে না, কাউকে শাস্তি দিতে পারে না। এভাবে শাস্তি দেওয়া সংবিধান, প্রচলিত আইন ও মৌলিক অধিকারের লঙ্ঘন। তিনি এ বিষয়ে বিধিমালা তৈরির নির্দেশনা চান। শুনানি শেষে আদালত রুল জারিসহ আদেশ দেন।