ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি বেআইনি
আরবি শব্দ ফতোয়ার অর্থ মতামত। ইংরেজিতে opinion or mandate. Wikipedia-এর ভাষ্যমতে, Fatwa in the Islamic faith is a religious opinion concerning Islamic law issued by a Islamic scholar (Mufti). বাংলাদেশে সর্বোচ্চ আইন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের ৩৫(১) অনুচ্ছেদে উল্লেখ আছে, ‘অপরাধের দায়যুক্ত কার্য সংঘটনকালে বলবৎ ছিল, এরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাঁহাকে তাঁহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।’ ৫(৩) অনুচ্ছেদে উল্লেখ আছে, ‘ফৌজদারী অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইন দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত ও ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হইবেন।’ ৫(৫) অনুচ্ছেদে আরও উল্লেখ আছে, ‘কোন ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না।’ সংবিধানের ওই অনুচ্ছেদের অনুবলে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকলে তার বিচার প্রকাশ্য আদালত ও ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হতে হবে এবং শাস্তি আরোপের আইন অপরাধ সংঘটনকালে বলবৎ থাকতে হবে। রায়ে এমন কোনো শাস্তি আরোপ করা যাবে না, যা অমানুষিক বা লাঞ্ছনাকর। যাঁরা ফতোয়া দেন তাঁরা কোনো আদালত ও ট্রাইব্যুনালের বিচারক নন এবং প্রদত্ত ফতোয়া, যেমন দোররা মারা, শরীরের অর্ধাংশ মাটির নিচে পুঁতে পাথর ছুড়ে মারা নিঃসন্দেহে অমানুষিক ও লাঞ্ছনাকর দণ্ড, যা সম্পূর্ণরূপে দেশের সর্বোচ্চ আইনের পরিপন্থী।ফতোয়ার বিধান নিষিদ্ধ, অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত করে ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মো. গোলাম রাব্বানী ও নাজমুন আরা সুলতানা হিল্লা বিয়ে-সংক্রান্ত ফতোয়ার ব্যাপারে এক যুগান্তকারী রায় দেন এবং ২০১০ সালের ৯ জুলাই হাইকোর্টের অপর এক বেঞ্চের বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন ও গোবিন্দচন্দ্র ঠাকুর পুনরায় ফতোয়ার নামে বিচারবহির্ভূত কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ ও অবৈধ ঘোষণা করেন। ফতোয়ার নামে যুগ যুগ ধরে নারী-পুরুষকে দোররা মারা, ইচ্ছার অমতে হিল্লা বিয়ে দেওয়া, একঘরে করে রাখাসহ বিভিন্ন শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে আমাদের দেশে। এমনকি দোররা মারার আঘাতে অনেক অবলা নারীকে মৃত্যুবরণ করতে হয়েছে। শরীয়তপুরের ১৪ বছরের কিশোরী ধর্ষিতা হেনা ২৫ জানুয়ারি সাত সমাজপতির ফতোয়ার শিকার হয়ে ৩১ জানুয়ারি মৃত্যুবরণ করলে ফতোয়া আবার আলোচনার তুঙ্গে ওঠে। এ নিয়ে শুরু হয় সারা দেশে তোলপাড়। প্রথম আলোর মাধ্যমে জানা যায়, মূল আসামি প্রতিবেশী মাহাবুব কর্তৃক হেনা ধর্ষিত হওয়ার পর সাত সমাজপতি মসজিদের ইমামের ফতোয়া জারির মাধ্যমে হেনা ও মাহাবুব উভয়কে ১০১টা করে দোররা মারার আদেশ দেন এবং হেনাকে ৭০ ঘা দোররা মারার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। অতঃপর তাকে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ সা দেওয়া হয়। মূল সালিসকারী ইদ্রিস ফকিরের (ইউপি মেম্বার) চাপে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ সকেরা মৃতাকে ছাড়পত্র দিলে তাকে বাড়িতে নেওয়ার ৩৪ ঘণ্টা পর হেনা মৃত্যুবরণ করে।দোররা মারার ঘটনা এ দেশে এটাই প্রথম নয়। এর আগে ফতোয়া জারির মাধ্যমে ইসলামিক আইন অনুসারে শাস্তি প্রয়োগের অনেক ঘটনা ঘটেছে। ১৯৯৫ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশে ৫০৩টি ফতোয়াবাজির ঘটনা ঘটেছে। ফতোয়াবাজির কারণে মৃত্যু ও আত্মহত্যার ঘটনা ঘটেছে ১৫টি। তবে এই ১৫ বছরে মামলা হয়েছে মাত্র ১১৭টি। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হিসাব অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ১১ বছরে ফতোয়ার ঘটনা ঘটেছে ৩৩১টি। ১৯৯৩ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের গৃহবধূ নুরজাহানকে মাটিতে পুঁতে ১০১টি পাথর ছুড়ে মারা হয়। পরে নুরজাহান বিষপানে আত্মহত্যা করেন। ২০১০ সালের ১৮ ডিসেম্বর রাজশাহীর তানোরের ভিক্ষুক ওমর আলী প্রামাণিকের স্ত্রী সুফিয়াকে দোররা মারায় তিনি মৃত্যুবরণ করেন। ২০০৯ সালের ২৮ মে হবিগঞ্জের নবীগঞ্জে পরকীয়ার অভিযোগে গ্রাম্য মাতব্বররা এক নারী ও পুরুষকে ১০১টি করে দোররা মারেন। ওই নারীকে তালাক দিতেও বাধ্য করেন তাঁর স্বামীকে। ২০১০ সালের ১৯ মে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের ভিন্ন ধর্মাবলম্বীর সঙ্গে প্রেম করায় এক তরুণীকে দোররা মারেন কয়েকজন মাতব্বর। ২০০৯ সালের জুন মাসে কুমিল্লার দেবীদ্বারে এক নারী ও এক পুরুষকে ৩০৩টি দোররা মারার নির্দেশ দেন স্থানীয় মসজিদের ইমাম মনিরুল ইসলামসহ কয়েকজন। ২০০৯ সালের মে মাসে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বরে ফতোয়াবাজেরা এক কিশোরীকে ৩৯টি দোররা মারেন। তা ছাড়া ২০১০ সালের ৩১ মে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সামন গ্রামের কমলা বেগম, ২০০৯ সালের ১ অক্টোবর ঢাকার আয়েশা, ২০০৯ সালের ১ সেপ্টেম্বর দুপচাঁচিয়ার গৃহবধূ ও নওগাঁর পত্নীতলার আরেক নারী দোররার শিকার হন। এ কয়েকটি ঘটনা কয়েকটি উদাহরণমাত্র। ২০০১ সালের ১ জানুয়ারির ওই রায়ে বিচারপতিদ্বয় ফতোয়ার মাধ্যমে শাস্তি প্রদান করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে দণ্ডবিধিতে নতুন ধারা সংযোজন করার নির্দেশনা দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা হয়, যা ১০ বছর ধরে নিষ্পত্তির অপেক্ষায় আছে। এর ফলে এখন পর্যন্ত কোনো নতুন ধারা সংযোজিত হয়নি। আর এ সুযোগ কাজে লাগিয়ে সারা দেশে ফতোয়ার মাধ্যমে একের পর এক ঘটনা ঘটানো হচ্ছে। ফতোয়ার সহজ শিকার হচ্ছে আমাদের দেশের নারী-কিশোরী, সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র নারী-পুরুষ।ফতোয়া দেওয়ার ব্যাপারে একশ্রেণীর সমাজপতি সমাজকে ব্যবহার করেন। বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ। এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস। তবে অপরাধ নিয়ন্ত্রণ ও সংঘটিত অপরাধের শাস্তির ব্যাপারে দণ্ডবিধি, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দুর্নীতি দমন আইন ইত্যাদিও উল্লিখিত শাস্তি কার্যকর হবে। ফতোয়ার মাধ্যমে কোনো শাস্তি কোনো ব্যক্তিবিশেষের ওপর আরোপ করা অবৈধ ও কর্তৃত্ববিহীন, যা দণ্ডযোগ্য অপরাধ।মুসলিম পারিবারিক আইন ও ধর্মীয় বিধান অনুসারে মুসলিম বিবাহ, তালাক আহসান, তালাক হাসান ও তালাক-উল বিদাত বা তালাক-ই-বেদাই—এ তিন রূপে সম্পন্ন হতে পারে। তালাক আহসান একবার তালাক উচ্চারণে, তালাক হাসান এবং তালাক-উল বিদাত একত্রে সম্পন্ন হয়ে থাকে। এই শেষোক্ত পদ্ধতি আমাদের দেশসহ গোটা মুসলিম জাহানে ব্যাপকভাবে প্রচলিত আছে। শেষোক্ত পদ্ধতিতে তিনবার তালাক উচ্চারণের সঙ্গে সঙ্গে তৎ ক্ষণাৎ কার্যকর হয় বলে একে তালাক-ই-বাইন বলা হয়। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ বলবৎ হওয়ার পর উপরিউক্ত তিন আকারের তালাক সেটা যে আকারেই হোক না কেন তৎ ক্ষণাৎ কার্যকর হয় না। দাদা থাকতে দাদার জীবদ্দশায় পুত্র-কন্যা মারা গেলে নাতি-নাতনিরা দাদার সম্পত্তির উত্তরাধিকারী হবেন।১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ৪ ধারায় উল্লিখিত বিধান অনেকেই মেনে নেননি। তাঁরা ফতোয়া দেন কোরআন পরিপন্থী কোনো আইন হতে পারে না বা সে আইন তাঁরা মানেন না। কেউ কেউ যুক্তি দেখান, স্বামী-স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাওয়ার পর পুনরায় ওই স্বামী যদি তাঁর স্ত্রীকে বিয়ে করতে চান, তাহলে স্ত্রীকে হিল্লা বিয়ে দিতে হবে এবং ওই হিল্লা বিয়ে বিচ্ছেদ হওয়ার পর পূর্বতন স্বামী স্ত্রীকে পুনরায় বিয়ে করতে পারেন। কিন্তু ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ বলবৎ হওয়ার পর তালাক (যে আকারেই হোক না কেন) তৎ ক্ষণাৎ কার্যকর হয় না। তালাক ঘোষণা করার পর স্বামী তাঁর ইউপি বা পৌরসভার মেয়র ও তাঁর তালাকপ্রাপ্তা স্ত্রীকে নোটিশ প্রেরণ করবেন। নোটিশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট চেয়ারম্যান বা পৌরসভার মেয়র উভয় পক্ষের মধ্যে পুনর্মিলনের জন্য একটি আরবিট্রেশন কাউন্সিল গঠন করবেন। গঠিত আরবিট্রেশন কাউন্সিল উভয় পক্ষের মধ্যে পুনর্মিলনে ব্যর্থ হলে চেয়ারম্যান কর্তৃক নোটিশ প্রাপ্তির ৯০ দিন পর তালাক কার্যকর হবে। তালাক উচ্চারণ করার পরও ওই তালাক খণ্ডন করতে পারেন। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ৭(৬) ধারা অনুসারে বিয়ে বিচ্ছেদ কার্যকর হওয়ার পরও পুনর্বার তাঁদের বিবাহ বন্ধনে আবদ্ধের জন্য হিল্লা বিয়ের আবশ্যকতা নেই, যদি না এ রকম ঘটনা তৃতীয়বারের মতো ঘটে। অর্থাৎ , তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটলে ওই নারীকে হিল্লা বিয়ের পর চতুর্থবারের মতো তাঁর পূর্বতন স্বামীকে বিয়ে করতে পারে। ফতোয়ার বিরুদ্ধে ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্ট বিভাগের বেঞ্চ ওই যুগান্তকারী ঐতিহাসিক রায় দিয়ে এসব ব্যাপারে ফতোয়ার বিরুদ্ধে অবস্থান নেন। রায়টির মূল বক্তব্য, যেসব বিষয়ে সুনির্দিষ্ট রাষ্ট্রীয় আইন বলবৎ আছে, সেসব বিষয়ে ফতোয়া দেওয়া যাবে না। আপিল বিভাগে এ রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি শুরু হয়েছে । আমরা সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি ।লেখক বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুষ্টিয়া।