ফতোয়ার নামে শাস্তি দেওয়া অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়ার নামে বিচারবহির্ভূত কার্যক্রম ও শাস্তি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের শাস্তি ঘোষণাকারীকে অপরাধী হিসেবে গণ্য করতে বলা হয়েছে। দণ্ডবিধিসহ প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অপরাধের সহযোগী হিসেবে একই ধরনের শাস্তির ব্যবস্থা করার নির্দেশনা দেন আদালত।ফতোয়ার নামে বিচারবহির্ভূত কার্যক্রম ও শাস্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক তিনটি রিটের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই, ২০১০) বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি দেওয়া অবৈধ ঘোষণা করা হয়েছে। যাঁরা এ ধরনের শাস্তি দেবেন, তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধিসহ প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই রায় নারীর অধিকার ও সম্মান রক্ষায় সহায়ক হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনা যাবে। ফলে ফতোয়ার নামে নারীর অধিকার হরণ, শারীরিক নির্যাতন ও অপমানের পথ বন্ধ হবে। ইতিপূর্বে দেওয়া ফতোয়াবিরোধী রায় প্রসঙ্গে তিনি বলেন, ওই রায়ে ফতোয়া দেওয়াকে বেআইনি বলা হয়। কিন্তু এবারের রায়ে ফতোয়ার নামে শাস্তি দিলে তাদের আইনের আওতায় আনার কথা বলা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি দেওয়া অবৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়েছে। এ ধরনের শাস্তি ঘোষণাকারীকে অপরাধী হিসেবে গণ্য করে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধিসহ প্রচলিত অন্যান্য আইনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।নয় বছর আগে: নয় বছর আগে ফতোয়াবিরোধী রায় দিয়েছিলেন হাইকোর্ট। ফতোয়াবিরোধী হাইকোর্টের ওই রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নয় বছরের বেশি সময় ধরে আটকে আছে। এখন আপিল নিষ্পত্তির অপেক্ষায় আছে। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন। রায়ে বলা হয়, একমাত্র আদালতই মুসলিম বা অন্য কোনো আইন অনুযায়ী আইনসংক্রান্ত কোনো প্রশ্নে মতামত দিতে পারেন। কেউ ফতোয়া দিলে তা ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হবে।তিন রিট: জানা যায়, সারা দেশে ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি নিয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, নিজেরা করি ও ব্র্যাক হাইকোর্টে একটি রিট করে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ আগস্ট আদালত ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তির বিষয়ে সরকারের ব্যর্থতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কিশোরীকে ধর্ষণ ও দোররা মারার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন দোলন হাইকোর্টে রিট করলে আদালত রুল জারি করেন। গত ৭ ফেব্রুয়ারি প্রকৃত ঘটনা জানিয়ে প্রতিবেদন দিতে কসবা থানার পুলিশকে নির্দেশ দেন আদালত। সর্বশেষ ‘বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা, গ্রেপ্তার ৪’ শিরোনামে গত ২২ মে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়। এর অনুলিপি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক, কে এম হাফিজুল আলম ও ইমরানুল হাই একটি রিট করেন। এ রিটের পরিপ্রেক্ষিতে ২৪ মে আদালত রুল জারি করেন। এতে ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি দেওয়া কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। একই সঙ্গে বিচারবহির্ভূত শাস্তি দেওয়া নিরুৎসাহিত করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন পর্যায়ের পাঠ্যসূচিতে প্রবন্ধ ও অন্যান্য শিক্ষাবিষয়ক উপকরণ অন্তর্ভুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এসব রিটের রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন, অবন্তী নুরুল, মাহবুব শফিক ও সালাউদ্দিন দোলন এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল ও আকরাম হোসেন চৌধুরী।