ফতোয়ার নামে শাস্তি দেওয়া ফৌজদারি অপরাধ: রফিক-উল হক
ফতোয়া দেওয়া ব্যক্তিগত অভিমত উল্লেখ করে প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘এটা নির্বাহী আদেশ নয়। ফলে ফতোয়ার নামে শাস্তি দিলে সেটা হবে ফৌজদারি অপরাধ।’ ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে অংশ নিয়ে রফিক-উল হক এ মত তুলে ধরেন। তিনি বলেন, ‘সবার মতামত দেওয়ার অধিকার আছে। অভিমত দেওয়া সাংবিধানিক অধিকার। ফতোয়া ব্যক্তিগত অভিমত। এটা মানা না-মানাও ব্যক্তিগত।’ আজ সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে পঞ্চম দিনের মতো শুনানি চলছে। জানা যায়, ১০ বছর আগে হাইকোর্ট ফতোয়াবিরোধী রায় দিয়েছিলেন। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল দায়ের করেন। এরপর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি এ বিষয়ে অ্যামিকাস কিউরি হিসেবে টি এইচ খান, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এ বি এম নূরুল ইসলাম, এম জহির, রাবেয়া ভূঁইয়া, এম আই ফারুকী ও রোকন উদ্দিন মাহমুদকে বক্তব্য দিতে অনুরোধ জানান হয়।