ফতোয়ার নামে শাস্তি দেওয়া যাবে না: আপিল বিভাগ
ফতোয়ার নামে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ পাঁচ দফা নির্দেশনা দিয়ে আজ বৃহস্পতিবার এ রায় দেন।রায়ে বলা হয়, শিক্ষিত ব্যক্তিরা ধর্মীয় ব্যাপারে ফতোয়া দিতে পারবেন। এটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করা যেতে পারে। তবে কারও ওপর চাপিয়ে দেওয়া যাবে না। এমন ধরনের ফতোয়া দেওয়া যাবে না, যা অন্যের অধিকারকে ক্ষুণ্ন করে।ফতোয়ার নামে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবে না, উল্লেখ করে আদালত আংশিকভাবে আপিল মঞ্জুর করেন।রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সব ধরনের ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আংশিকভাবে মঞ্জুর করা হয়েছে। ধর্মীয় ব্যাপারে ফতোয়া দেওয়া যাবে, তবে এটা মানার ব্যাপারে জবরদস্তি করা যাবে না। রায় প্রসঙ্গে তিনি বলেন, ফতোয়ার নামে অত্যাচার করা যাবে না। ধর্মীয়ভাবে অভিজ্ঞরাই ফতোয়া দিতে পারবেন। ফতোয়া দিয়ে আইন ও মানুষের অধিকার ক্ষুণ্ন করা যাবে না। রায় সঠিক মন্তব্য করে তিনি বলেন, এ রায়ের মাধ্যমে নারী নির্যাতনের প্রবণতা কমে যাবে।আপিলকারীদের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আংশিকভাবে আপিল মঞ্জুর করা হয়েছে। ফলে সব ফতোয়া অবৈধ ঘোষণার রায় বহাল থাকল না। আপিল বিভাগের রায়ে খুশি উল্লেখ করে আবদুর রাজ্জাক আরও বলেন, নওগাঁর ওই ঘটনায় দেওয়া ফতোয়া অবৈধ ঘোষণার রায় সঠিক বলা হয়েছে। এটা স্ববিরোধী। তিনি বলেন, ফতোয়া বৈধ; তবে অপপ্রয়োগ অবৈধ।এ রায়ের ফলে ফতোয়ার অপপ্রয়োগ বন্ধ হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ জন্য আমাদের দেশের প্রচলিত আইনই যথেষ্ট। তবে এ রায়ে বিষয়টি আরও পরিষ্কার হলো।’ জানা যায়, ১০ বছর আগে হাইকোর্ট ফতোয়াবিরোধী রায় দিয়েছিলেন। ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইন কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল করেন। চলতি বছরের ১ মার্চ থেকে আপিলের ওপর শুনানি শুরু হয়।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আপিলকারীদের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক, আইনজীবী মো. নজরুল ইসলাম ছাড়াও অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, এম জহির, এ বি এম নুরুল ইসলাম, এ এফ হাসান আরিফসহ কয়েকজন আইনজীবী বক্তব্য দেন। এ ছাড়া গত ১০ মার্চ ফতোয়া-সম্পর্কে বিশেষজ্ঞ আলেমদের মতামত জানতে চান সুপ্রিম কোর্ট। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল পাঁচ বিশেষজ্ঞ আলেম আদালতে এসে মতামত দেন।