ফতোয়ার পক্ষে মত দিলেন বিশেষজ্ঞ পাঁচ আলেম
ফতোয়ার পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞ পাঁচ আলেম। দুই অ্যামিকাস কিউরিও (আদালতের আইনি সহায়তাকারী) ফতোয়ার পক্ষে মত দেন। তবে তাঁরা বলেছেন, কারও অধিকার ক্ষুণ্ন হয়, এমন ফতোয়া দেওয়া এবং তা কার্যকর করা যাবে না। ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির সপ্তম দিনে গতকাল বুধবার তাঁরা এ মতামত দেন।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয়জন বিচারপতির বেঞ্চে এই শুনানি চলছে। শুনানিতে অ্যামিকাস কিউরি এ এফ হাসান আরিফ বলেন, ফতোয়া দেওয়া যেতে পারে, তবে ফতোয়া দেওয়ার মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে তা গ্রহণযোগ্য হবে না। কারও অধিকার ক্ষুণ্ন হয়, অন্যায় হয়, এমন ফতোয়া দেওয়া এবং তা কার্যকর করা যাবে না। মানুষের ক্ষতি হয় এমন ধরনের বক্তব্যকে ফতোয়া বলা যাবে না। হাইকোর্টের রায় সম্পর্কে তিনি বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে সুয়োমোটো রুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে।অপর অ্যামিকাস কিউরি এ বি এম নূরুল ইসলাম বলেন, ফতোয়া দেওয়ার অধিকার মুফতিদের রয়েছে। তবে তা হতে হবে পবিত্র কোরআন, হাদিস ও কিয়াস অনুসারে।২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল করেন। চলতি বছর ১ মার্চ থেকে আপিলের ওপর শুনানি শুরু হয়। কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়। শুনানিকালে ১০ মার্চ ফতোয়া সম্পর্কে বিশেষজ্ঞ আলেমের মতামত জানতে চান সুপ্রিম কোর্ট। লিখিতভাবে তাঁদের মতামত দিতে বলা হয়। তাঁরা চাইলে আদালতে এসেও মৌখিকভাবে মতামত দিতে পারবেন বলে উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল পাঁচ বিশেষজ্ঞ আলেম হাজির হয়ে মতামত দেন।পাঁচ আলেমের মতামত: গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রুহুল আমীন বলেন, যে কেউ ফতোয়া দিলে তা গ্রহণযোগ্য হবে না। তাঁকে দক্ষ ও বিজ্ঞ হতে হবে। বাংলাদেশের বড় সমস্যা দুর্নীতি। এ থেকে বাঁচতে ধর্মীয় অনুশাসন ও বিধানাবলি চালু থাকা প্রয়োজন।বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষে মুফতি কেফায়েতুল্লাহ বলেন, ফতোয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। ফতোয়া সম্পর্কে জনমনে ভুল ধারণা রয়েছে। ফতোয়ার অর্থ হলো জানিয়ে দেওয়া। এটা বাস্তবায়নের দায়িত্ব মুফতিদের নয়। তাঁরা বিচারক নন। ফতোয়া ইসলামী বিধিবিধানের প্রকাশ। ফতোয়া নিষিদ্ধ হলে জনগণ জানার অধিকার থেকে বঞ্চিত হবে।ঢাকার গেন্ডারিয়া নেসারিয়া (কামিল) আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কফিল উদ্দিন সরকার বলেন, রাসূল (স.) ও সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। এটা নিষিদ্ধ করলে জ্ঞান বিতরণ বন্ধ হয়ে যাবে। ফতোয়া চলমান প্রক্রিয়া।বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষাসচিব মুফতি মিযানুর রহমান বলেন, অপব্যাখ্যা দিয়ে ফতোয়ার নামে দণ্ডবিধি কার্যকর করা হলে ইসলাম তা গ্রহণ করবে না। হাইকোর্টের রায় বাতিলযোগ্য দাবি করে তিনি বলেন, ধর্ম সম্পর্কে জানতে হলে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করলে জবাব দিতে হবে—এটাই ফতোয়া। ফতোয়াকে চলতে দিতে হবে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে শর্ত ও যোগ্যতা বিদ্যমান রয়েছে। যাঁরা যোগ্য, তাঁরাই ফতোয়া দিতে পারবেন। যোগ্য ও সনদ পাওয়া ব্যক্তিরা ফতোয়া দিতে পারেন।ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে মুফতি আবদুল্লাহ আল মারুফ বলেন, আইনের অপব্যবহারের কারণে আইন নিষিদ্ধ করা যায় না। কোনো গ্রাম্য চিকিৎসকের ভুলের জন্য পুরো চিকিৎসাব্যবস্থাকে অবৈধ ঘোষণা করা যাবে না। তিনি কেন্দ্রীয় ফতোয়া বোর্ড গঠনের আরজি জানান।