ফতোয়ার বিপক্ষে মত দুই অ্যামিকাস কিউরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া সমর্থনযোগ্য নয় বলে মত দিয়েছেন দুই অ্যামিকাস কিউরি। ফতোয়া অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে আজ মঙ্গলবার অ্যামিকাস কিউরি মাহমুদুল ইসলাম ও এম আই ফারুকী এ অভিমত দেন।প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে আজ শুনানি হয়। কাল বুধবারও এ ব্যাপারে শুনানি হবে। এর আগে তিন অ্যামিকাস কিউরির মধ্যে দুজন ফতোয়ার পক্ষে মতামত দেন।শুনানিতে আইনজীবী মাহমুদুল ইসলাম বলেন, কারও ব্যক্তিজীবন বিপর্যস্ত করে—এমন ফতোয়া দেওয়া বেআইনি। এটা সংবিধানের লঙ্ঘন। প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুঘল আমলে কাজি বা বিচারকেরা মুফতিদের কাছে মতামত চাইতেন। এ মতামতকে ফতোয়া বলা হতো। এ ফতোয়া দেওয়ার উদ্দেশ্য ছিল কাজিদের সহযোগিতা করা। ব্রিটিশ আমলে এটি বিস্তৃত লাভ করে। এ হিসেবে এখন মুফতি পদ থাকার কথা নয়। কারণ এখন দেশে কাজিব্যবস্থার প্রচলন নেই।ফতোয়া ব্যক্তিগত অভিমত উল্লেখ করে অন্য অ্যামিকাস কিউরিদের দেওয়া বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে মাহমুদুল ইসলাম বলেন, শহরের চেয়ে মফস্বলে এর প্রভাব বেশি।শুনানিতে অ্যামিকাস কিউরি এম আই ফারুকী বলেন, বিদ্যমান আইনের বাইরে কেউ কিছু বলতে পারে না। ফতোয়ার মাধ্যমে দেওয়া বক্তব্য যদি কারও জন্য ক্ষতিকর হয়, এর মাধ্যমে ব্যক্তিজীবন থেকে শুরু করে তাঁর জীবনধারা হয়রানির শিকার হলে, তা গ্রহণযোগ্য নয়। এমন অধিকার কারও থাকা উচিত নয়। ফতোয়া অনুমোদন দেওয়া হলে দেশ শরিয়াহ আইনের দিকে যাবে। আমাদের দেশে শরিয়া আইনের প্রচলন নেই।ফতোয়া ও আইনের পার্থক্য তুলে ধরে এম আই ফারুকী বলেন, মুফতির দেওয়া ফতোয়া মানার ক্ষেত্রে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু বিচারকের রায় মানার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা রয়েছে।শুনানিতে এম জহির বলেন, হাইকোর্টের স্যুয়োমটো রুল জারির ক্ষমতা রয়েছে। সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণের ক্ষমতার কথা বলা আছে। হাইকোর্টের ওই ক্ষমতা এসেছে জনগণের কাছ থেকে।