ফনসেকা সামরিক আদালতে দোষী সাব্যস্ত
সেনাবাহিনীতে থাকা অবস্থায় রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান জেনারেল শরৎ ফনসেকাকে। সরকার এ রায় অনুমোদন দিলে ফনসেকা চাকরি থাকা অবস্থায় অর্জিত পদমর্যাদা ও পদক হারাবেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। গত জানুয়ারি মাসে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিপক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন ফনসেকা। নির্বাচনে হেরে যাওয়ার কিছুদিন পরেই ফনসেকাকে আটক করা হয়।বন্দী অবস্থাতেই গত এপ্রিলে ডেমোক্রেটিক ন্যাশনাল অ্যালায়েন্সের (ডিএনএ) হয়ে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন ফনসেকা। সে সময় জেল থেকে সেনা পাহারায় পার্লামেন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয় ফনসেকাকে।শ্রীলঙ্কার সামরিক কর্মকর্তারা ফনসেকার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ও হত্যার অভিযোগ এনেছিলেন। তবে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ফনসেকা। এ ছাড়া ফনসেকার বিরুদ্ধে সামরিক আদালতে আরও একটি এবং বেসামরিক আদালতে তিনটি মামলা বিচারাধীন।গত বছরেই তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে ৩৭ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর সময় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে দেশজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন তত্কালীন এই সেনাপ্রধান।—বিবিসি অনলাইন