ফনসেকার লক্ষ্য সরকার উৎখাত
শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকা বলেছেন, তাঁর লক্ষ্য হচ্ছে সরকারকে উৎখাত এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করা। একই সঙ্গে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে ফনসেকা এসব কথা বলেন। ১২ মে জেল থেকে মুক্তি পাওয়ার পর এটি ছিল তাঁর প্রথম সংবাদ সম্মেলন।বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, বর্তমান সরকারকে অপসারণ করে নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চান তিনি। ফনসেকা বলেন, ‘দেশে এখন সরকার ও রাজনীতি উভয়ই দুর্নীতিগ্রস্ত। তাই দুর্নীতিগ্রস্ত সরকার থেকে মুক্ত হওয়াই হবে আমাদের প্রথম কাজ। আমি সে কথাই বলছি, যে নতুন রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা সুফল পেতে চাই। আর তা পেতে চাইলে আমাদের এই সরকারকে উৎখাত করতে হবে। আমাদের ক্ষমতায় আসতে হবে। বাস্তবায়ন ঘটাতে হবে নতুন রাজনৈতিক সংস্কৃতির। ’গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলার সময় ফনসেকা বর্তমান সরকারে যোগদান বা প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে কাজ করার বিষয়টি নাকচ করেন। তিনি রাজাপক্ষের উদ্দেশে বলেন, ‘তাঁকে বিশ্বাস করা যায় না।’ ফনসেকা সব বিরোধী দলকে এক হওয়ার আহ্বান জানিয়ে জনগণের কাজে গ্রহণযোগ্য একজন নেতা নির্বাচিত করার কথা বলেন। শর্তসাপেক্ষে ফনসেকাকে মুক্তি দেওয়া হলেও আগামী সাত বছরে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে জনগণের সমর্থন ও সহযোগিতায় তিনি এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন।২০০৯ সালের মে মাসে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ফনসেকা। সেনাবাহিনীর ওই অভিযানে বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহীদের শোচনীয় পরাজয় ঘটলে দেশটির ২৬ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান হয়। ওই বছরের শেষ দিকে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর যুদ্ধজয়ের কৃতিত্ব নিয়ে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। ২০১০ সালে বিভিন্ন অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত মাসে প্রেসিডেন্টের ক্ষমায় তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে তাঁর বিরুদ্ধে এখনো একটি মামলা বিচারাধীন রয়েছে।