ফরম পূরণ নিয়ে আতঙ্কের কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটে মা-বাবা অথবা নিজ নামে গরমিল থাকায় অনেক শিক্ষার্থী অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করতে গিয়ে বিপাকে পড়েছেন। মাদ্রাসা বোর্ডের অধীনে পাস করা অনেক শিক্ষার্থী চতুর্থ বিষয় ছাড়া জিপিএ গণনা করতে গিয়েও ঝামেলায় পড়েছেন। তবে এসব শিক্ষার্থীকে আতঙ্কিত বা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।উপাচার্য আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, কোনো কোনো শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটে মা-বাবা অথবা নিজের নামে গরমিল থাকে। যেমন একজনের এসএসসি সার্টিফিকেটে হয়তো মোহাম্মদ শব্দটি এমডি লিখে ডট (.) দেওয়া, আবার এইচএসসিতে ডট (.) নেই। ফলে অনলাইনে তাঁদের প্রবেশপত্র পেতে সমস্যা হচ্ছে। আর মাদ্রাসা বোর্ড থেকে তথ্যগুলো আপডেট না থাকায় শিক্ষার্থীদের চতুর্থ বিষয় ছাড়া জিপিএ গণনা করতে গিয়ে অনেক শিক্ষার্থী সমস্যায় পড়ছেন। উপাচার্য আরও জানান, ৪ অক্টোবরের মধ্যে মাদ্রাসা বোর্ড থেকে তথ্যগুলো আপডেট করা হয়েছে। উল্লেখ্য, মাদ্রাসা বোর্ডের চতুর্থ বিষয়ের কোড আলাদা। সংবাদ সম্মেলনে উপাচার্য আরেফিন সিদ্দিক জানান, যেসব শিক্ষার্থী এ ধরনের সমস্যার পড়েছেন তাঁরা ই- মেইলে ও সরাসরি রেজিস্টার বিল্ডিংয়ে আবেদন করেছেন। এ পর্যন্ত ই-মেইলে ২০০ জন আবেদন করেছেন, যাঁদের মধ্যে ১০০ জনের সমস্যা সমাধান করা হয়েছে। বাকিদের প্রক্রিয়া চলছে। আর রেজিস্টার বিল্ডিংয়ে সরাসরি কাগজে আবেদন করেছেন ৭০০ জন। যার মধ্যে ৫০১টি সমাধান করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর। আশা করা যাচ্ছে, এ সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে। বোর্ড থেকে সার্টিফিকেটের নাম ঠিক করার নিয়ম থাকলেও পরীক্ষার্থীদের সুবিধার্থে তাঁদের জিপিএ ঠিক থাকলে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু পরীক্ষার পর প্রার্থীকে বোর্ড থেকে নাম ঠিক করতে হবে।অনলাইনে ফরম ছাড়ার পর গতকাল বুধবার পর্যন্ত শিক্ষার্থীরা এক লাখ ১৫ হাজার ৬৫৮টি ফরম পূরণ করেছেন। এর মধ্যে ৭১ হাজার ৪২ জন ব্যাংকে টাকা জমা দিয়েছেন। তবে ফরম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে না। সমস্যাগ্রস্ত শিক্ষার্থীরা শুক্র ও শনিবারও রেজিস্টার ভবনে সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন।এদিকে আবেদন করার তিন দিনের মধ্যে অনলাইনে প্রবেশপত্র পাওয়ার কথা। এ ক্ষেত্রে কোনো শিক্ষার্থী তাঁর প্রবেশপত্র বা আবেদনের কী অবস্থা জানতে চাইলে বাংলালিংক, সিটিসেল ও ওয়ারিদ থেকে ডিইউ (DU) লিখে তাঁর পিন কোডটি ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে আবেদনটি কোন অবস্থানে আছে, তিনি জানতে পারবেন।