ফরমালিনমুক্ত রাজনীতি ও নির্বাচন আন্দোলনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘রাষ্ট্রে বিভিন্ন দলের রাজনীতির মধ্যে ফরমালিন ঢুকে গেছে। আমাদের এবারের আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে ফরমালিনমুক্ত রাজনীতি ও নির্বাচনের আন্দোলন।’জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আজ শুক্রবার সকালে সাউথ এশিয়ান লইয়ার্স ফোরাম আয়োজিত ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় কামাল হোসেন এসব কথা বলেন।কামাল হোসেন আরও বলেন, ‘হল-মার্ক, পদ্মা সেতু, শেয়ারবাজার কেলেঙ্কারির খবর মানুষের সামনে চলে এসেছে। আমাদের প্রশ্ন, সরকার তাদের ভুল স্বীকার করতে চায় না কেন?’ সরকারের ভুলের কারণে দেশের যে ক্ষতি হয়েছে, তা থেকে জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শেয়ারবাজার কেলেঙ্কারির পেছনে কারা, কার স্বার্থে সে নামগুলো গোপন রাখা হয়েছে, জনগণ সেই মানুষগুলোর নাম জানতে চায়। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, এটা জনগণের দাবি।’ তিনি বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিক সরকারের প্রজা নয়, দেশের মালিক।’প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপির রাজনীতির ফরমালিন ছাড়াও সর্বত্র ফরমালিন ঢুকে গেছে। কী দিন এসেছে, আজ পঞ্চম শ্রেণীর ছাত্ররাও নকল করে। ড. কামাল হোসেন, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর মতো কিছু লোক দেশে রয়েছেন, তাঁদের ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাজনীতি থেকে ফরমালিন দূর করতে হবে।’সভায় সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান লইয়ার্স ফোরামের সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করীম, ‘সমকাল’-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান।সভা থেকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার, অর্থ, প্রতিরক্ষা ও শিক্ষা মন্ত্রণালয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাখা উচিত বলে অভিমত প্রকাশ করা হয়। কমিশনকে ঢেলে সাজানোর জন্য দক্ষ, নিরপেক্ষ ও সত্ ব্যক্তিদের নিয়োগ, প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা দেওয়া উচিত বলেও বলা হয়।