ফরমায়েশি জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের যত্ন করতে জুতা একজোড়া লাগবেই। তবে ওইটুকুতেই কিন্তু থেমে নেই জুতার গুণাগুণ। হাঁটতে-চলতে পায়ের যত্ন যেমন করে, তেমনি পোশাকের সৌন্দর্য আর ব্যক্তিত্বের মাঝে একটা অন্য রকম ধার এনে দেয় জুতা। সে জন্যই সেনাবাহিনীর কঠিন চেহারার বুট যেমন কবির পায়ে মানায় না, তেমনি নরম-কোমল শান্তিনিকেতনি চপ্পল পরে কোনো সৈনিক টহল দিয়ে বেড়াচ্ছেন, সে কথা ভাবলেই কেমন হাসি পায়।তবে জুতা কিন্তু মনমতো হওয়া চাই। মানে পায়ের সঙ্গে খাপে খাপ মিলে যায়, আবার দেখতেও যাতে মনমতো হয়, তার সঙ্গে একটু টেকসই সেলাই, শক্তপোক্ত সোল, রংটাও বেশ—এই না হলে আবার জুতা!কিন্তু বাজারে কি সে রকমটা মেলে? জুতা কিনতে গেলে ডিজাইন পছন্দ হয় তো রং পছন্দ হয় না। রং পছন্দ হলে চামড়াটা কেমন কেমন লাগে। আর সবকিছু ঠিকঠাক যদি থাকে, তো ওই জুতা বেশি দিন টেকে না। তার ওপর যদি পা একটু খাপ-ছাড়া মাপের হয়, তাহলে আরাম দেওয়া জুতা বাজার ঘুরে একজোড়াও মেলে না। কিন্তু যদি এমন হয় যে আপনি যেমন চাচ্ছেন, জুতাটা ঠিক সে রকমই হলো। মানে মাপে-খাপে খাপ, রংটাও মনমতো, সেলাইটাও মজবুত। তার ওপর ডিজাইনটাও এক্কেবারে আপনার পছন্দমতো। আর এর সঙ্গে যদি পাওয়া যায় এক বছরের ওয়ারেন্টি। তাহলে তো সোনায় সোহাগা! ভাবছেন, এসব বুঝি গুল তাপ্পি? বিশ্বাস না হলে শংকরে যাওয়ার পথে ধানমন্ডি ১৫ নম্বর রোডের (নতুন ৮/এ) কিংবা হাজারীবাগ বাজারের পাশে একবার ঢুঁ মেরে আসুন। রাস্তার দুই পাশে সারি সারি জুতার দোকান এখানে। দেখবেন, দেয়ালে দেয়ালে থাক থাক জুতা সাজানো। হরেক রকম নকশা, তার নানান রকম জেল্লা। খাঁটি চামড়ায় বানানো এ জুতাগুলোর দামও বাজারের তুলনায় অনেক সস্তা। ৬০০ থেকে এক হাজার টাকার মধ্যেই ওঠানামা করে জুতাগুলোর দাম। দোকানের জুতা যদি মনঃপূত না হয়, তাতে কোনো সমস্যা নেই। যে রকম জুতা চান, বানিয়ে দেবেন তাঁরা। মাপ, নকশা আর রঙে জুতা হবে একদম আপনার মনের মতো। এমনকি যদি বিদেশি জুতা নিয়ে গিয়ে ওই নকশার মতো জুতা বানিয়ে দিতে বলেন, তাও সম্ভব। তার সঙ্গে উপরি পাবেন আট মাস থেকে এক বছরের ওয়ারেন্টি। পছন্দসই জুতার ফরমাশ দিতে এসেছিলেন মোহাম্মদ আবুল হোসেন। কারণ কী জানতে চাইলে বলেন, ‘বাজারে জুতা কিনতে গেলে পছন্দমতো পাই না। আজকাল বোধ হয় বড় বড় জুতার ট্রেন্ড চলছে, জুতার আগা হয় লম্বা। আমার পছন্দ হয় না। তা ছাড়া সোলটা দেখা যায় বেশি একটা শক্ত হয় না। এখানে পছন্দমতো ডিজাইন দিলে ওরা জুতা বানিয়ে দিতে পারে। এদের জুতা টেকেও অনেক দিন।’কেউ কেউ আবার কম খরচে বিদেশি জুতার মডেলে জুতা বানাতে আসেন। যেমন ধানমন্ডির কামরুল ইসলাম। তাঁর প্রিয় এডিডাসের লেদার ফ্লাটারটা নিয়ে এসে ওই নকশায় আর মাপে হুবহু একই রকম জুতা বানিয়ে নিয়ে গেছেন তিনি। খরচ পড়েছে এক হাজার ২০০ টাকা মাত্র। বলছিলেন, ‘জুতার গায়ে কোনো সিল থাকে না, পার্থক্য বলতে এটুকুই। তা না হলে আসলটার সঙ্গে তেমন কোনো পার্থক্যই খুঁজে পাবেন না আপনি।’ কিন্তু দামটা এত কম কী করে? সে কথার জবাব দিলেন নিউ বাবুল শু-এর ব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, ‘আমরা নিজস্ব কারখানায় নিজেরাই জুতা তৈরি করি। দোকানের তেমন কোনো খরচ নেই। তাই উপকরণ আর কারিগর ও কর্মচারীর খরচটা বাদ দিয়ে সীমিত লাভ করি প্রতি জোড়া জুতায়। সে জন্যই মার্কেটের দামের চেয়ে অন্তত ৩০০-৫০০ টাকা কমে আমাদের কাছে জুতা মেলে। তা ছাড়া আমাদের জুতার মান অনেক ভালো। তাই আট মাস বা এক বছরের ওয়ারেন্টি দিতেও বাধে না।’