ফরাসি নাইট পেলেন পার্থপ্রতিম মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক পরিমণ্ডলে অবদানের স্বীকৃতি হিসেবে ফ্রান্স সরকারের শেভালিয়র (নাইট) উপাধি পেলেন বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত শিল্পী মূকাভিনয়শিল্পী পার্থপ্রতিম মজুমদার।মাইমের জাদুকর নামে খ্যাত প্যারিসে বসবাসরত এই শিল্পী মঙ্গলবার রাতে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি অভিভূত। এই পুরস্কার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আমার বিশ্বাস।’ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্রেডেরিক মিতেরাঁ আনুষ্ঠানিকভাবে পার্থকে ‘অর্ডার ডি আর্টস এট ডি লেটার্স’-এর শেভালিয়র খেতাব প্রাপ্তির কথা জানান।শিল্প ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৬৩ সাল থেকে এ উপাধি দিয়ে আসছে ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। পার্থই প্রথম বাংলাদেশি, যিনি এ সম্মান পেলেন। বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান এ পদক পেয়েছেন। ১৯৫৪ সালে পাবনার কালাচাঁদপাড়ায় জন্মগ্রহণ করেন পার্থপ্রতিম মজুমদার। তাঁর হাত ধরেই বাংলাদেশে পরিচিত হয়ে ওঠে মূকাভিনয়। বাংলাদেশ সরকার গত বছর এই শিল্পীকে একুশে পদকে ভূষিত করে।মঞ্চের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছেন পার্থপ্রতিম মজুমদার। তাঁর অভিনীত একটি ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পায়। প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর মূকাভিনয়ের প্রদর্শনী হয়েছে।প্রসঙ্গত, ওয়েস্টোর্ন ইউনিয়ন, নাইকি, আইবিএম ও ম্যাকডোনাল্ডের মতো বিশ্বখ্যাত কোম্পানির পণ্যের প্রচারে মডেল হিসেবেও কাজ করেছেন এই বাংলাদেশি।