ফরাসি পার্লামেন্টে বোরকা নিষিদ্ধ করার বিল উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ (ন্যাশনাল অ্যাসেম্বলি) গতকাল মঙ্গলবার নারীদের জনসমক্ষে মুখমণ্ডল ঢাকা বোরকা পরা নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে।৫৭৭ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটির পক্ষে ৩৩৫ ভোট এবং বিপক্ষে মাত্র এক ভোট পড়ে। বিলটি সেপ্টেম্বর মাসে অনুমোদনের জন্য সিনেটে উপস্থাপিত হবে। তবে ফ্রান্সের সর্বোচ্চ আইনি সভা সাংবিধানিক কাউন্সিলে বিলটির অনুমোদন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা।বেলজিয়ামের পর ফ্রান্স হচ্ছে দ্বিতীয় পশ্চিম ইউরোপীয় দেশ যে বোরকা নিষিদ্ধ করার পদক্ষেপ নিল। একই ধরনের আইন নিয়ে স্পেন, ইতালি, সুইজারল্যান্ড ও হল্যান্ড আলাপ-আলোচনা করলেও তা প্রণয়ন করেনি।বিলটিতে সরকারি অফিস-আদালত, যানবাহন, রাস্তাঘাট, বাজার, ব্যক্তিমালিকাধীন ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিনোদনকেন্দ্রসহ জনসমাগম হয় এমন সব স্থানে নারীদের বোরকা পরা নিষিদ্ধ করা হয়েছে।ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি প্রকাশ্যে নেকাব ও বোরকা পরা নিষিদ্ধ করার অঙ্গীকার করলে তা ব্যাপক জনপ্রিয়তা পায়।তবে বিরোধী দলগুলো এ পদক্ষেপের সমালোচনা করে বলেছে, এ আইন প্রণীত হলে তা হবে ফ্রান্সের মানবাধিকার আইনের লঙ্ঘন। ফ্রান্সে এ আইন হবে খুবই স্পর্শকাতর। কারণ এ দেশে সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা ইউরোপের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। এ বিল অনুযায়ী ফ্রান্সের রাস্তাঘাট, পার্ক, যানবাহন বা বাজারে নেকাবে মুখ ঢেকে রাখাও হবে আইনের দৃষ্টিতে একটি অপরাধ।বিলটি যদি পাস হয়, তবে তার পরের ছয় মাস মুসলিম নারীদের এ বিষয়ে সচেতন করে তোলার কর্মসূচি চালানো হবে। তার পরও যদি কোনো নারী প্রকাশ্যে মুখ ঢাকা বোরকা পরে বের হন, তবে তাঁকে ১৫০ ইউরো জরিমানা করা হবে। আর যেসব পুরুষ ধর্মীয় বিশ্বাসের কারণে তাঁদের স্ত্রী ও কন্যাদের নেকাব ও বোরকা পরতে চাপ দেবেন, তাঁদের ৩০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হচ্ছে। —দ্য ওয়াশিংটন পোস্ট