ফরাসি প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বেতন ৩০ শতাংশ কমছে
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, প্রধানমন্ত্রী জ্যাঁ-মাখত অ্যাহুসহ মন্ত্রীদের বেতন ৩০ শতাংশ কমানো হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রেসিডেন্ট ওলাঁদ নিজের ও মন্ত্রীদের বেতন কমানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন। ফলে তাঁর বেতন ২১ হাজার ৩০০ ইউরো থেকে কমে ১৪ হাজার ৯১০ ইউরোতে (১৯ হাজার মার্কিন ডলার) দাঁড়াবে।ওলাঁদের পূর্বসূরি নিকোলা সারকোজি অবশ্য দায়িত্ব গ্রহণের পর নিজের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বিরোধী দল ইউনিয়ন ফর আ পপুলার মুভমেন্ট (ইউএমপি) জানায়, সারকোজির প্রথম মন্ত্রিসভার তুলনায় বর্তমান মন্ত্রিসভায় ১৪টি পদ বেশি রয়েছে। ইউএমপির মহাসচিব জ্যাঁ-ফ্রাঁসোয়া কপ বলেন, বেতন কমানোর এ সিদ্ধান্ত বাস্তবতা আড়াল করতে পারেনি। ওলাঁদের সরকার জনগণের জন্য আরও বড় ব্যয়ের বোঝা তৈরি করতে যাচ্ছে। অতিরিক্ত ১৪ জন মন্ত্রীর জন্য আরও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।বর্তমান ফরাসি সরকার বিগত সরকারের চেয়ে তিনটি পদ বেশি নিয়ে গত বৃহস্পতিবার যাত্রা শুরু করে। গত সরকারে মোট ৩১টি পদ ছিল। প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বেতন কমানো ছাড়াও প্রধানমন্ত্রী অ্যাহু কয়েকটি নতুন পদক্ষেপের ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে আচরণবিধি-সংক্রান্ত একটি ঘোষণা। নারী অধিকারবিষয়ক মন্ত্রী নাজাত ভ্যালিউদ-বকসম বলেন, ‘আমরা কেবল দেশ পরিচালনা করতে আসিনি, বরং দেশ পুনর্গঠন এবং ফ্রান্সের জনগণের সুযোগ-সুবিধা ও জীবনযাত্রার মান উন্নয়ন করতে এসেছি।’ইউরো অঞ্চলে সংকটময় পরিস্থিতিতে ফ্রান্সে নতুন সরকার দায়িত্ব নেয়। ঋণসংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতিমালা পরিবর্তনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ওলাঁদ শপথ নেন। ফ্রান্সের নতুন সরকারের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হলো, মন্ত্রিসভার বৈঠকে সমানসংখ্যক নারী ও পুরুষ সদস্য অংশ নেন। মন্ত্রিসভায় সাম্য প্রতিষ্ঠার বিষয়টি প্রেসিডেন্ট ওলাঁদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল। বিবিসি।