ফরাসি প্রেসিডেন্টের দপ্তরের বিরুদ্ধে ‘ল মঁদ’ পত্রিকা মামলা দায়ের করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির দপ্তরের বিরুদ্ধে মামলা দায়ের করবে ফ্রান্সের অন্যতম প্রধান দৈনিক সংবাদপত্র ‘ল মঁদ’। প্রেসিডেন্টের দপ্তর তাদের সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তি করছিল বলে অভিযোগ করেছে তারা। একটা সূত্রকে শনাক্ত করার জন্য প্রেসিডেন্টের দপ্তর গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়েছে বলে দাবি করেছে পত্রিকাটি।প্রেসিডেন্টের দপ্তর থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ‘ল মঁদ’ পত্রিকার কোনো সূত্রের ওপর তদন্ত করার কোনো নির্দেশ কখনোই দেয়নি বলে দাবি করেছে প্রেসিডেন্টের দপ্তর।পত্রিকাটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফ্রান্সের সবচেয়ে ধনী মহিলা ল’ওরেলের উত্তরাধিকারী লিলিয়ান বেটেনকোর্ট সারকোজিকে অবৈধভাবে অর্থ প্রদান করেছিলেন অভিযোগ করে যে তদন্ত হচ্ছে তাতে শ্রমমন্ত্রী এরিক ওয়ের্থের সম্পৃক্ততা আছে বলে জুলাই মাসে একটা প্রতিবেদন প্রকাশের পর তারা প্রেসিডেন্টের দপ্তরের বিরাগভাজন হয়েছে। ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজিকে অবৈধভাবে অর্থ প্রদান করা হয়েছিল কি না তা তদন্ত করছে কর্তৃপক্ষ। শ্রমমন্ত্রী ওয়ের্থ প্রেসিডেন্ট সারকোজির পার্টির কোষাধ্যক্ষ। প্রেসিডেন্ট নির্বাচনের সময় অবৈধভাবে কিছু করা হয়নি বলে দাবি করেছেন তাঁরা দুজনই।বিচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, যাঁর সঙ্গে পত্রিকাটির এক সাংবাদিকের যোগাযোগ ছিল, গোয়েন্দা সংস্থা সেই কর্মকর্তার টেলিফোন রেকর্ড সংগ্রহ করেছে—ফরাসি পুলিশের কাছ থেকে এমন তথ্য পাওয়ার পর তারা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।বিচার বিভাগের ওই কর্মকর্তাকে ইতিমধ্যে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দক্ষিণ আমেরিকার একটি ফরাসি উপনিবেশে পাঠানো হয়েছে। বিবিসি অনলাইন