ফরাসি সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির মিরপুর রোডের পাশে ২৬ নম্বর বাড়িতে আলিয়ঁস ফ্রঁসেজে ঢোকার সময়ই টের পাবেন এদের অভ্যর্থনাটা কেমন উষ্ণ আর আন্তরিক। কোনো শাসন-বারণ নেই। নেই কড়া নিরাপত্তার চোখরাঙানি। গেট দিয়ে সোজা ঢুকে গেলেই হলো। কেউ আটকায় না। আর বাড়িটাও এমন কায়দায় তৈরি, দেখলে নিজের বাড়ি বলেই মনে হয়। প্রথমে বোঝা যাবে না এতটুকু জায়গার মধ্যেই কী বিশাল কর্মযজ্ঞ চলছে! সাধারণ লোক অবশ্য একে ফরাসি ভাষা শেখার জায়গা হিসেবেই চেনে। কিন্তু আলিয়ঁস ফ্রঁসেজ ওটুকুর মধ্যে মোটেই আটকে নেই। অবশ্য এটাও ঠিক, ফরাসি ভাষা শেখানোটা আলিয়ঁস ফ্রঁসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর সে জন্যই এখানে ফরাসি ভাষার আগাগোড়া পুরোটা শেখানোর তাবৎ বিধি-ব্যবস্থা আছে। ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের মা-বাবা পর্যন্ত, সবাই এখানে ফরাসি ভাষা শিখতে পারে। সেই শেখানোটা যাতে আরও ভালো, আরও উন্নত হয়, সে জন্য প্রতিবছর এখানকার প্রশিক্ষকদের দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়। তাই ফরাসি ভাষা শেখার সবচেয়ে উপযুক্ত স্থান হলো আলিয়ঁস ফ্রঁসেজ। এখানে এসে তো ভাষা শেখা যায়ই, কেউ যদি চান তাহলে বাসায় গিয়েও ব্যক্তিগতভাবে শেখান এখানকার শিক্ষকেরা। আলিয়ঁস ফ্রঁসেজের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো এর গ্যালারি। দুটো গ্যালারি আছে এখানে। ‘লা গ্যালারি’ আর ‘গ্যালারি জুম’। এর মধ্যে গ্যালারি জুম হলো সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ এখানে প্রদর্শনী করতে কোনো টাকা-পয়সা লাগে না। মূলত উঠতি শিল্পীদের সৃজনশীলতাকে বোদ্ধাদের মাঝে পরিচয় করিয়ে দিতেই আলিয়ঁস ফ্রঁসেজের এই উদ্যোগ। তাই তরুণ চিত্রশিল্পী, আলোকচিত্রী, ভাস্কর—যে কেউ আসতে পারেন এখানে নিজের মতো করে নিজের শিল্পকর্মের প্রদর্শনী করতে। আজকে যাঁরা এ দেশের খ্যাতিমান শিল্পী, আলোকচিত্রী, তাঁদের অনেকেরই যাত্রা শুরু হয়েছিল এই গ্যালারি জুমে প্রদর্শনী করে। আমাদের দেশীয় শিল্পাঙ্গনে তাই গ্যালারি জুমের অবদান একেবারে কম নয়। আলিয়ঁস ফ্রঁসেজের আরও দুটি বিষয়ে প্রশিক্ষণ রয়েছে খুবই নামকরা। ‘একোল দো সিনেমা’ নামে আলোকচিত্র এবং চিত্রগ্রহণ শেখার স্কুল রয়েছে এখানে। এ দেশের বহু খ্যাতিমান আলোকচিত্রী এবং চিত্রগ্রাহকের হাতেখড়ি এই স্কুলে। একোল দো সিনেমা থেকে ক্যামেরার কারুকাজ শিখে এখনো আমাদের নানা রকম কারিশমা দেখিয়ে চলেছেন তাঁরা।একোল দো সিনেমার মতো আরেকটা স্কুল রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজে। এর নাম ‘একোল দো মিউজিক’। এর রয়েছে চারটা ভাগ—পিয়ানো, গিটার, বেহালা আর মিউজিক কম্পোজিশন। বিষয়গুলোতেও শিক্ষক হিসেবে রয়েছেন নামকরা শিল্পীরা।এ ছাড়া আছে একোল দো ডিজাইন আর একোল দো দন্স। এর মধ্যে একোল দো দন্সে শেখানো হয় নানা রকম পশ্চিমা নৃত্য; যেমন সাম্বা, সালসা, চাচাচা, ট্যাঙ্গো, ওয়ালস। আর বাচ্চাদের জন্য রয়েছে ব্যালে নৃত্য শেখার ব্যবস্থা। আলিয়ঁস ফ্রঁসেজের অডিটরিয়ামে নিয়মিত বিভিন্ন নাচ-গানের অনুষ্ঠান হয়। সিনেমার প্রদর্শনীও লেগে থাকে হরদম। অর্থাৎ বিনোদনের ষোলকলা পূর্ণ করার অভাবনীয় সুযোগ রয়েছে এখানে।এসবের বাইরেও জ্ঞানচর্চার জন্য আলিয়ঁস ফ্রঁসেজের রয়েছে দারুণ একটা লাইব্রেরি। ফরাসি আর ইংরেজি ভাষায় লেখা প্রচুর বই, বিদেশি পত্রিকা আর দুষ্প্রাপ্য সব চলচ্চিত্র রয়েছে এই লাইব্রেরিতে। চাইলে এখানে এসে পড়তে পারবেন বই আর পত্রিকা। দেখতে পারবেন সিনেমা।আঁলিয়াস ফ্রঁসেজের অর্ধশতক পূর্তির উৎসব শেষ হল এ বছরের ফেব্রুয়ারিতে। শিক্ষিত আর সংস্কৃতিমনাদের জন্য একেবারে দুয়ারখোলা বাড়ি আলিয়ঁস ফ্রঁসেজ। সে কারণেই এখানে প্রতিদিন এসে ভিড় করেন দেশের সংস্কৃতমনা আর বোদ্ধা ব্যক্তিরা। অন্তত আলিয়ঁস ফ্রঁসেজের ক্যাফেতে ঢুকলেই তার প্রমাণ পাওয়া যাবে হাতেনাতে। ভাবছেন, এমন একটা বনেদি জায়গায় এমন সব মানুষের মধ্যে যাবেন, না জানি কি হয়। আলিয়ঁস ফ্রঁসেজ কর্তৃপক্ষ বলে, সে ভয় নেই আপনার। আপনি শিক্ষিত-সংস্কৃতমনা একজন মানুষ, এটুকু পরিচয়ই তাদের জন্য যথেষ্ট।