ফরিদগঞ্জে জাল টাকাসহ যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রাম থেকে ৭৫ হাজার টাকার জাল নোটসহ দেলোয়ার হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রোববার দেলোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে দেলোয়ার হোসেন এক হাজার টাকার দুটি জাল নোট নিয়ে গাজীপুর বাজারে চা পান করতে যান। জাল নোট দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পরে দেলোয়ারের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাঁর গ্রামের একটি বাগানে ছাইয়ের স্তূপের মধ্যে পলিথিনে মোড়ানো এক হাজার টাকা ও ১০০ টাকার জাল নোটসহ মোট ৭৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জি ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আটক দেলোয়ারসহ তিনজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।