ফরিদপুর, মাগুরা ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝিবাড়ী এলাকায়, মাগুরা জেলার মাগুরা-শ্রীপুর সড়কে হোগলডাঙ্গায় ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রানীশংকৈল-হরিপুর সড়কের বলিদ্বারা গ্রামে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।আজ রোববার বিকেল চারটার দিকে এসব দুর্ঘটনা ঘটে।ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝিবাড়ী এলাকায় ঢাকাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস ‘গ্রামবাংলা পরিবহন’-এর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্রামবাংলা পরিবহনের বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে দুই ছেলেমেয়েসহ নিহত হন এক মা।উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম ফকির জানান, নিহত ব্যক্তিরা হলেন বাগাট উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা মা ময়মুন্নাহার বেগম (৩৫), একই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী মেয়ে মৌমিতা (১৪) ও বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছেলে রাফি (৮)। নিহতদের মধ্যে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যায়। আর মেয়েকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। এ দুর্ঘটনায় বাবা মাসুদ মোল্লা (৪৫) ও চাচা মিলন মোল্লা (৪০) আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, আজ বিকেলে মাগুরা সদর উপজেলার কুকনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মতিয়ার রহমান (৪৫) তাঁর স্ত্রী ফরিদা পারভীন (৪০) ও শ্যালিকা রাশিদা খাতুনকে (৩০) নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা থেকে মাগুরা ফিরছিলেন। হোগলডাঙ্গা গ্রামের সড়ক থেকে মোটরসাইকেলটি মাগুরা-শ্রীপুর সড়কে ওঠার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই দম্পতি নিহত এবং রাশিদা খাতুন গুরুতর আহত হন। রাশিদা খাতুন গুরুতর আহত হওয়ায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।ঠাকুরগাঁও প্রতিনিধি জানিয়েছেন, আজ বিকেল সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বনডাঙ্গা গ্রামের ইউনুস আলী (৫০) তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে (৪৫) সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি হরিপুর উপজেলার জাদুরানী গ্রাম থেকে একটি মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। মোরটরসাইকেলটি রানীশংকৈল উপজেলার হরিপুর-রানীশংকৈল সড়কের বলিদ্বারা গ্রামের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস ও ফাতেমা নিহত হন।রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে রানীশংকৈল থানায় একটি মামলা হয়েছে।