ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা ও মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ৪৮ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ২৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ দুই জেলায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে উভয় জেলার অন্তত ১৫২টি বসতবাড়ি। অপর দিকে পদ্মা ও মেঘনার পানি বৃদ্ধির ফলে সৃষ্ট ভাঙনে শরীয়তপুরে ১৫৫টি পরিবার গৃহহীন হয়েছে এবং এসব এলাকায় বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে।ফরিদপুর অফিস জানায়, ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম জানান, পদ্মায় পানি বাড়ায় ইউনিয়নের ৪০টি গ্রামের আট হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া মোহন মিয়ার হাট এলাকার ৯০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি ভেঙে যাচ্ছে ওই এলাকার সামাজিক বনায়নের বাগান।সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুজ্জামান পাল জানান, বন্যায় ইউনিয়নের ১৪টি গ্রামের সাড়ে ১২ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। ভূঁইয়াডাঙ্গি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩৫টি পরিবার। এ পর্যন্ত এক হাজার ২০০ পরিবারের মধ্যে ১২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে সাদিপুর, ভাজনডাঙ্গা ও গদাধরডাঙ্গি এলাকার আট হাজার লোক পানিবন্দী হয়ে রয়েছে। সেখানে ১০টি আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ২৬ দিন ধরে পানিবন্দী বিন্দুডাঙ্গী, কদম মাতুব্বরের ডাঙ্গী, বেপারিডাঙ্গী, মধু ফকিরের ডাঙ্গী, চর হোসেনপুর, নতুনডাঙ্গী, ও চর অমরাপুর গ্রামের প্রায় চার হাজার লোক মানবেতর জীবন কাটাচ্ছে।ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সরদার সিরাজুল হক জানান, ৯ সেপ্টেম্বর থেকে পাউবো ভাঙন প্রতিরোধে বালির বস্তা দিয়ে ডাম্পিং শুরু করেছে।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন,‘পদ্মা নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। আমরা বন্যা পরিস্থিতির ওপর নজর রাখছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।’গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, উজান থেকে নেমে আসা পানিতে পদ্মার পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় জেলার চরাঞ্চলের অধিকাংশ নিচু এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৬২টি পরিবার নদীভাঙনের শিকার হয়েছে।রাজবাড়ী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, সোমবার পানির স্তর ছিল ৮ দশমিক ৯৭ মিটার। ২৪ ঘণ্টায় তা বৃদ্ধি পেয়ে আজ মঙ্গলবার হয়েছে ৯ দশমিক ০৫ মিটার। কয়েক দিনের পানি বৃদ্ধির ফলে ভাগ্যকুল গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও দুদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলার নদীভাঙন এলাকায় নতুন করে ভাঙন দেখা দেয়নি। এদিকে নতুন করে বন্যার ফলে অনেক কৃষকের শীতকালীন বিভিন্ন শাকসবজির বীজতলা তলিয়ে গেছে।শরীয়তপুর প্রতিনিধি জানান, পদ্মা ও মেঘনায় পানি বৃদ্ধির ফলে শরীয়তপুরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত দুদিনে শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও গোসাইরহাট উপজেলার ১৯টি গ্রামের ২৫৫টি পরিবার নদীভাঙনের কারণে গৃহহীন হয়ে পড়েছে। প্রায় ৭০০ মিটার সড়ক এবং ৫০০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর পানি সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।গোসাইরহাট উপজেলার বিষকাটালী গ্রামের সিরাজ (৩৫), আবুল কালাম (৪৫) ও সেতারা বেগম (৩৫) বলেন, ‘মেঘনায় পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। স্রোতের তোড়ে আমাদের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে।’শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আ. হান্নান জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে পদ্মা ও মেঘনা নদীতে ভাঙন দেখা দেয়। ভাঙনরোধে বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি জানিয়ে ঢাকায় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।