ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের মৃত্যুভয় পেয়ে বসেছে! ৮ ও ১১ এপ্রিল জেলা আওয়ামী লীগের দুই নেতা অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হাতে আহত হওয়ার পর এ আতঙ্ক দেখা দিয়েছে। আহত ওই দুই নেতা দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের একটি অংশের হওয়ায় সন্দেহের দৃষ্টি দলের অপর অংশের নেতাদের দিকে। ওই হামলার ঘটনায় এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। দুটি মামলারই প্রধান আসামি করা হয়েছে দলের অপর অংশের এক দাপুটে নেতাকে। তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁকে হত্যার নীলনকশা করা হচ্ছে।জেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দ্বিধাবিভক্ত। সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত হাসিবুল হাসান ওরফে লাবলুর সমর্থকেরা জেলা আওয়ামী লীগের বড় একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন। এই পক্ষের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শামসুল হক এবং প্রয়াত লাবলুর অনুজ মনিরুল হাসান।ফদিরপুর সদর আসনের সাংসদ ও শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সমর্থকেরা জেলা আওয়ামী লীগের অপর অংশের নেতৃত্বে রয়েছেন। এই পক্ষের নেতৃত্বে আছেন কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি খলিফা কামালউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম হোসেন ওরফে বাবু।৮ এপ্রিল জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী ওরফে জাহিদ এবং দুই দিন পর ১১ এপ্রিল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নূর মোহাম্মদ ওরফে ক্যাপ্টেন বাবুল অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাঁরা দুজনই লাবলু পক্ষের সমর্থক। এ দুই ঘটনার পর মৃত্যু-আতঙ্কে ভূগছেন লাবলু-সমর্থিত অংশের নেতারা। তাঁদের দাবি, অপর অংশের নেতারা সাতজনের একটি ‘হিট লিস্ট’ নিয়ে মাঠে নেমেছেন। ফরিদপুর কোতোয়ালি থানা সূত্র জানায়, ১২ এপ্রিল জাহিদের স্ত্রী সামমিন আক্তার এবং ১৫ এপ্রিল নূর মোহাম্মদ ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা করেন। মামলা দুটিতে প্রধান আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম হোসেন ওরফে বাবুকে। বাবু শ্রমমন্ত্রীর নিকটজন এবং ওই পক্ষের দাপুটে নেতা বলে দলটির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শামসুল হক ১৩ এপ্রিল সকালে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সভায় বলেছেন, ‘আমি যদি নিহত হই, তবে এর জন্য শ্রমমন্ত্রী দায়ী থাকবেন।’ জেলা আওয়ামী লীগের অপর সহসভাপতি লোকমান হোসেন মৃধা প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীরা আমার পেছনে ছায়ার মতো লেগে আছে। আমি আতঙ্কের মধ্যে আছি। সন্ধ্যার আগেই বাসায় ফিরি।’জানতে চাইলে গত রাতে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। একসময় ফরিদপুর ছিল সন্ত্রাসের জনপদ। কিন্তু গত ১৫ মাসে সেখানে তেমন কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেনি। দুটি ঈদ ও একটি পূজা গেছে, কেউ এক টাকা চাঁদাবাজির সুযোগ পায়নি। এখানে যারা সন্ত্রাস করতে চায়, তারাই আমাকে দুর্বল করতে চায়। এ জন্য আমার বিরুদ্ধে এসব অপবাদ দিচ্ছে।’ তিনি বলেন, শামসুল হক নিশ্চয় কারও জমিজমা দখল বা এমন কোনো কাজ করেছেন, যার জন্য তাঁর মনে ভয় ঢুকেছে। এখন সেটা অন্যের কাঁধে চাপাতে চাচ্ছেন। মন্ত্রী দাবি করেন, তিনি উপজেলা নির্বাচনের সময় দলীয় প্রার্থী হিসেবে শামসুল হককে টাকা দিয়ে সাহায্য করেছেন। কিন্তু শামসুল হক সাংসদের কোটার গম তাঁকে দেওয়ার দাবি জানান। রাজি না হওয়ায় শামসুল হক তাঁর বিরুদ্ধে লেগেছেন।শ্রমমন্ত্রী পক্ষের নেতা মোকাররম হোসেন ওরফে বাবু গত বৃহস্পতিবার শহরের পশ্চিম খাবাসপুরের বাড়িতে এক সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমি একটি পক্ষের রাজনীতির প্রতিহিংসার শিকার। তারা আমাকে হত্যার নীলনকশা করছে বলে আমার কাছে তথ্য রয়েছে।’ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুরুন্নবী বলেন, ‘দলের দুজন নেতার ওপর হামলার ঘটনা আমাদের আতঙ্কিত করে তুলেছে। ফরিদপুরের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন।’ ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুটি মামলাই পুলিশ তদন্ত করে দেখছে। আওয়ামী লীগের নেতাদের নিরাপত্তার ব্যাপারে গোয়েন্দা নজরদারিসহ শহরের নিরাপত্তাব্যাবস্থা জোরদার করা হয়েছে।’