ফরিদপুর ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর ও গাইবান্ধায় আজ শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। ফরিদপুরের সালথা উপজেলার বালিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই নিহত ও ৪৫ জন আহত হয়েছে। নিহতরা হলো, পান্না বেগম (৪৫), তাঁর ছেলে নিয়ামত উল্লাহ (৫) ও হাসি বেগম (৪০)। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর থেকে ময়েনদিয়াগামী মঞ্জিল নামের একটি লোকাল বাস (ফরিদপুর-ব-৩১০) বালিয়াবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। সালথা থানা সূত্রে জানা গেছে, পান্না বেগম তেলি সালথা গ্রামের এবং হাসি বেগম গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দীন প্রথম আলো ডটকমকে বলেন, আহত যাত্রীদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তরফ-কামাল নামক স্থানে আজ সকালে ট্রাকের চাপায় মাধবী (৫) নামে এক শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে তরফ-কামাল এলাকার গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক মাধবীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত মাধবী গোবিন্দগঞ্জ উপজেলার তরফ-কামাল গ্রামের মোশারফ হোসেনের মেয়ে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।