ফরিদপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
গাজীপুর ও ফরিদপুরে আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার মছলন্দপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আজ বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়। করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া জানান, মহাসড়কের মছলন্দপুরে ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনচালক কামারখালীর ভিমফোর গ্রামের আল-আমীন (৩০) এবং নসিমন যাত্রী মধুখালীর বাগাট ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ব্যবসায়ী মো. আবু তালেব (৫০) ঘটনাস্থলেই মারা যান। গাজীপুর: গাজীপুর সদরের নগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ সকাল সাড়ে ১০টার দিকে ট্রাক ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের নগপাড়ায় স্থানীয় চান্দনা চৌরাস্তা থেকে সালনাগামী হলারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতেরা হলেন—সালনা এলাকার মমিন উদ্দিনের ছেলে কাওসার হামিদ (৩৫), কুমিল্লার দাউদকান্দির বজলু মিয়ার ছেলে আবুল কালাম (৩২) এবং বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরচর গ্রামের আ. লতিফের ছেলে হারুন অর রশিদ (৪৮)। আহতদের প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।