ফরিদপুর ও নওগাঁয় দুই ব্যবসায়ী খুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ও নওগাঁ শহরে দুই ব্যবসায়ী খুন হয়েছেন। ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের মুটরা গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে এক ওষুধ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়। অন্যদিকে, গতকাল বুধবার ভোর রাতে নওগাঁ শহরে এক ব্যবসায়ী খুন হয়েছেন।ভাঙ্গায় নিহত ব্যবসায়ীর নাম নূরু শেখ (৫০)। তাঁর বাড়ি উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মুটরা গ্রামে। তিনি ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বড়ইতলা বাজারে ওষুধের ব্যবসা করতেন।নূরু শেখের বাবা আনসার উদ্দীন শেখ জানান, বাড়িতে ভবন নির্মাণকাজ তদারক করতে গত সোমবার নূরু গ্রামে আসে। মঙ্গলবার রাতে সে নির্মাণাধীন ভবনে ঘুমিয়ে ছিল। বুধবার সকালে তাঁরা সেখানে নূরুর জবাই করা লাশ পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, দোতলায় যাওয়ার দরজা বন্ধ থাকায় তাঁরা ধারণা করছেন, ঘাতকেরা রঙের কাজের জন্য দড়ি ও বাঁশ দিয়ে তৈরি মই বেয়ে দোতলায় উঠে নূরুকে জবাই করে হত্যা করেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্ত শেষে লাশ দাফনের প্রস্তুতি চলছিল।নূরুর ভাই এসকেন শেখ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার লোকজন মজিবর শেখ ও আজাদ মোল্যার নেতৃত্বে দুই পক্ষে বিভক্ত। নূরু শেখের পরিবার মজিবর শেখের পক্ষে। গত মধ্য আগস্টে এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে গত ১৭ আগস্ট তাঁর চাচাতো ভাই শাহীন শেখ (৩৫) মারা যান। গত ২১ আগস্ট শাহীনের স্ত্রী তাজিয়া বেগম আজাদ মোল্যার ভাইসহ ২০ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তুলে নেওয়ার জন্য আজাদ মোল্যার পক্ষের লোকজন প্রায়ই নূরু শেখের পরিবারকে ভয়ভীতি দেখাত।আজাদ মোল্যার মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে শহীদ মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ী খুন: নওগাঁ শহরের খাস নওগাঁ মণ্ডলপাড়ায় তহমিনা ভিলা নামের একটি বাড়ি থেকে গতকাল বুধবার হাসান আলী (৩৮) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের পরিবারের মালিকানায় শহরে আলী জুয়েলার্স নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। নিহত ব্যক্তির বাঁ কানের পেছনে গভীর ছিদ্র দেখে পুলিশ ধারণা করছে, তাঁকে হত্যা করা হয়েছে।এদিকে ঘটনার পর সুমন নামের এক দোকান কর্মচারী পালিয়ে গেছে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, হাসানের শোবার ঘরে কম্পিউটার টেবিলের সামনের চেয়ারে বসা অবস্থায় হাসানের মৃতদেহ পাওয়া যায়। ঘরের ভেতরে খাটের ওপরে চারটি চায়ের কাপ, সিগারেটের পোড়া অংশ ও কয়েকটি সিগারেটসহ হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তিনি জানান, ওই ঘর থেকে একটি রিভলভারের গুলি উদ্ধার করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মেঝেতে পড়ে থাকা জমাট বাঁধা রক্তসহ পারিপার্শ্বিক অবস্থা দেখে তাঁরা ধারণা করছেন, খুনিরা ভোর রাতের দিকে হাসানকে হত্যা করে পালিয়ে গেছে। হাসানের ভগ্নিপতি আবু রেজা জানান, হাসান স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে তহমিনা ভিলায় থাকতেন। বাড়ির একটি ঘরে দোকান কর্মচারী সুমন থাকত। ঘটনার কয়েক দিন আগে হাসানের স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। এ কারণে মঙ্গলবার রাতে ওই বাড়িতে হাসান ও সুমন ছাড়া অন্য কেউ ছিল না। তিনি আরও জানান, সকাল নয়টার দিকে সুমন তাঁদের মুঠোফোনে জানায়, হাসান খুন হয়েছে। এর পর থেকে সুমনকে আর পাওয়া যাচ্ছে না। এমনকি তার মুঠোফোনও বন্ধ রয়েছে। পুলিশ বলছে, সুমনকে পাওয়া গেলে অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের মা হালিমা বেওয়া গতকাল সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।লাশের পরিচয় মিলেছে: ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের গোলাপখাঁরডাঙ্গী এলাকার গোয়ালন্দ-টেপাখোলা সড়কের পূর্ব পাশ থেকে গত মঙ্গলবার যে ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আবুল হোসেন (৩২)। বাড়ি নওগাঁয়। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন।