ফরিদপুর ও সাতকানিয়ায় দুর্ঘটনায় নয়জন নিহত
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরে এবং চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাতকানিয়ায় গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।ফরিদপুর সদরের কানাইপুরের তেঁতুলতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে বাসের চালক, সুপারভাইজারসহ ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী একটি মাইক্রোবাস রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগার পর এতে আগুন ধরে যায়। মাইক্রোবাসের সিএনজি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে বলে জানা গেছে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমানের বরাত দিয়ে আমাদের ফরিদপুর অফিস জানায়, ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গাগামী সাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সড়কের বাঁ দিকে দুটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে গাছ ভেঙে বাস খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। বাসচালক ফরিদপুর শহরের বদরপুরের মো. জাহাঙ্গীর (৫০), সুপারভাইজার শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাচ্চু শেখসহ (৩২) ছয়জন ঘটনাস্থলেই নিহত হন। নিহত অন্যরা হলেন বাসের হেলপার বোয়ালমারীর সশ্রাইলের বাসিন্দা আল-আমিন, বোয়ালমারীর কালীমাঝির রুবেল ও নড়াইলের লোহাগাড়ার গোপাল ঘোষ। বাকি একজনের পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর ফরিদপুর ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব ও এলাকাবাসী উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করার সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দিন আহমদ দুর্ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক প্রথম আলোকে জানান, হাসপাতালে চিকিত্সাধীন গরিব সাতজন রোগীকে চিকিত্সার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক হাজার করে টাকা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লাশ পরিবহনের জন্য একটি ট্রাক ভাড়া করা হয়েছে। অর্থাভাবে লাশ দাফনে অসমর্থ এমন পরিবারের খোঁজ পাওয়া গেলে তাদের চার হাজার করে টাকা দেওয়া হবে।চন্দনাইশ প্রতিনিধি ও সাতকানিয়া সংবাদদাতা জানান, নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শামীম ও রিপন। দুজনেরই বাড়ি ঢাকার টঙ্গীতে। হাইওয়ে পুলিশের দোহাজারি ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মাইক্রোবাসটি সাতকানিয়ার পাঠানীপুল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রাস্তার পাশের এক গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে মাইক্রোবাসে আগুন ধরে যায়।মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন দেলোয়ার হোসেন (৪০), মিজানুর রহমান (৩৬), সবুজ মিঞা (৬০), আবদুছ ছাত্তার (৩০), আনোয়ার হোসেন (৫০), আবদুছ ছালাম (৩০) ও আলি আহমদ (২৫)। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তিদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।