ফরিদপুর পলিটেকনিকে ছাত্র-শিক্ষক পাল্টাপাল্টি অভিযোগ, তদন্ত শুরু
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও ছাত্ররা পরস্পরের বিরুদ্ধে ভর্তি-বাণিজ্যসহ স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।জানা গেছে, ৬ মে শিক্ষকেরা ক্লাস বর্জন করে দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্রদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পলিটেকনিক শিক্ষক সমিতি ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। এতে অভিযোগ করা হয়, কতিপয় অনিয়মিত ছাত্র ক্লাসে আসে না, এমনকি বিভিন্ন সময় টেন্ডারবাজি, ভর্তি-বাণিজ্য, আবাসিক হোস্টেলে সিট দখল করে আবাসিক ছাত্রদের বিভিন্নভাবে হয়রানি করে। বর্তমানে তারা কলেজের সুশৃঙ্খল পরিবেশ বিশৃঙ্খল করার পাঁয়তারা করছে। তারা আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন মিথ্যা অভিযোগ উত্থাপন করছে।শিক্ষকেরা দাবি করেন, ইনস্টিটিউটের অধ্যক্ষসহ শিক্ষকদের বিরুদ্ধে ভর্তি-বাণিজ্য, কোচিংয়ের নামে টাকা আদায়, ছাত্রাবাসের খাবারের মান খারাপসহ বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির ব্যাপারে ছাত্রদের অভিযোগ পত্রিকায় প্রকাশ হওয়ায় প্রকৃত ঘটনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এদিকে শিক্ষকদের সংবাদ সম্মেলন করার খবর ছড়িয়ে পড়লে ছাত্ররা পলিটেকনিক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ক্যাম্পাস থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল দুপুর একটার দিকে ফরিদপুর প্রেসক্লাবে যায় এবং সেখানে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের নেতা সুপন কুমার দে, শফিকুল ইসলাম এবং পলিটেকনিকের ছাত্র রাজিব হোসেন ও সৌমিক হাসান। তাঁরা ইনস্টিটিউটের অধ্যক্ষ সুবোধ কুমার সরকার ও আলাওল ছাত্রবাসের তত্ত্বাবধায়ক রেজাউল করিমের পদত্যাগ দাবি করেন।ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সুবোধ কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘হাতেগোনা কয়েকটি ছেলে গোলযোগ বাধানোর চেষ্টা করছে। সাধারণ ছাত্রদের এ ব্যাপারে কোনো সায় নেই। শিক্ষকেরা সকালে ক্লাস বর্জন করলেও সংবাদ সম্মেলনের পর দুপুর দুইটা থেকে ক্লাস নেওয়া শুরু করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ গত ১৬ এপ্রিল ফরিদপুর পলিটেকনিকের শতাধিক ছাত্র অধ্যক্ষের অপসারণসহ দুর্নীতিবাজ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মিছিল এবং প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অরুন চন্দ্র মহোত্তমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতউলাহ ও সহকারী শিক্ষা কর্মকর্তা অঞ্জুশ্রী সিকদার। কমিটি ৫ মে পলিটেকনিক ইনস্টিটিউটে উভয় পক্ষের বক্তব্য শোনে। কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অরুন চন্দ্র মহোত্তম বলেন, ‘উভয় পক্ষের মৌখিক বক্তব্য শুনেছি। লিখিত বক্তব্যও দিতে বলেছি। লিখিত বক্তব্য পাওয়ার পর জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।’