ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি মেনে নেওয়ার আশ্বাসের ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা আজ মঙ্গলবার ধর্মঘট প্রত্যাহার করেছেন। আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষানবিশ চিকিত্সকদের মধ্যে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় রোগীর হাতে এক শিক্ষানবিশ নারী চিকিৎসক লাঞ্ছিত হওয়ার পর রাত নয়টা থেকে ৮০ জন শিক্ষানবিশ চিকিৎসক ধর্মঘট শুরু করেন। শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সাত দফার একটি স্মারকলিপি দিয়ে দাবি না মানা পর্যন্ত কাজে যোগ দেবেন না বলে জানান। দাবিগুলোর মধ্যে ছিল, রোগীদের সঙ্গে আসা স্বজনদের নিয়ন্ত্রণ, হাসপাতাল প্রাঙ্গণে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য আবাসন ব্যবস্থা করা, বেসরকারি মেডিকেল থেকে শিক্ষানবিশ চিকিত্সক না নেওয়া, দায়িত্বরত চিকিৎসকদের জন্য বেসিন ও বাথরুমের ব্যবস্থা এবং আইসোলেশন ওয়ার্ডকে সমৃদ্ধ করা।বৈঠক সূত্রে জানা গেছে, আজকের আলোচনায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সঙ্গে আসা স্বজনদের নিয়ন্ত্রণ এবং চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করার যে দাবি ছিল তা মেনে নিয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।