ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সব শিক্ষানবিশ চিকিৎসক ধর্মঘট করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় রোগীর হাতে এক শিক্ষানবিস নারীচিকিৎসক লাঞ্ছিত হওয়ার পর রাত নয়টা থেকে শিক্ষানবিস ৮০ জন চিকিৎসক ধর্মঘট শুরু করেছেন। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।এদিকে লাঞ্ছনাকারী ওই রোগীকে আসামি করে হাসপাতাল কর্তৃপক্ষ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। শিক্ষানবিস চিকিৎসকেরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সাত দফা সংবলিত একটি স্মারকলিপি দিয়ে দাবি না মানা পর্যন্ত কাজে যোগ দেবে না বলে জানিয়েছে।দাবিগুলোর মধ্যে রয়েছে রোগীদের সঙ্গে আসা স্বজনদের নিয়ন্ত্রণ, হাসপাতাল প্রাঙ্গণে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, শিক্ষানবিস চিকিৎসকদের জন্য আবাসন ব্যবস্থা করা, বেসরকারি মেডিকেল থেকে শিক্ষানবিস চিকিৎসক না নেওয়া, দায়িত্বরত চিকিৎসকদের জন্য বেসিন ও বাথরুমের ব্যবস্থা করে এবং আইসোলেশন ওয়ার্ডকে সমৃদ্ধ করা।হাসপাতালের তত্ত্বাবধায়ক গুরু দাস সিকদার জানান, শিক্ষানবিস চিকিৎসকদের দাবিগুলো যুক্তিসংগত। কিন্তু একসঙ্গে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়।ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর বলেন, ফরিদপুর মেডিকেল হাসপাতাল অরক্ষিত অবস্থায় রয়েছে। মাঝেমধ্যেই রোগীদের স্বজন এবং বহিরাগত ব্যক্তিরা চিকিৎসকদের নাজেহাল করেন। হাসপাতালে সুষ্ঠু পরিবেশ না থাকলে কারও পক্ষে কাজ করা সম্ভব নয়।শিক্ষানবিস চিকিৎসকেরা জানান, রোগীদের স্বজনদের নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর কাল মঙ্গলবার সকাল ১০টা সার্বিক অবস্থা পর্যালোচনা করে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।