ফরিদপুর মেডিকেলের শিক্ষানবিশ চিকিত্সকদের কর্মবিরতি
রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার জেরে গতকাল শুক্রবার রাত থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকেরা কর্মবিরতি শুরু করেছে। আজ শনিবার বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিন দফা দাবিতে তাঁদের কর্মবিরতি চলছিল। এতে দুর্ভোগে পড়েছে সেবা নিতে আসা রোগীরা। হাসপাতাল ও শিক্ষানবিশ চিকিত্সক সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাপে কাটা এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দুজন শিক্ষানবিশ চিকিত্সককে রোগীর স্বজনেরা লাঞ্ছিত করে। এর প্রতিবাদে ইন্টার্নি চিকিত্সক অ্যাসোসিয়েশন রাত ১২টা থেকেই কর্মবিরতি শুরু করেছে। আজ বেলা ১১টার দিকে শিক্ষানবিশ চিকিত্সকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা হয়। বৈঠকে শিক্ষানবিশ চিকিত্সকেরা হাসপাতাল এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা, হাসপাতালে গেটপাসের ব্যবস্থা করা এবং শিক্ষানবিশ চিকিত্সকদের জন্য হোস্টেলের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা। এ সময় কর্তৃপক্ষ তাঁদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানালে তাঁরা তা প্রত্যাখ্যান করেন।ইন্টার্নি চিকিত্সক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে যোগ দেওয়া সম্ভব নয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু আহমেদ মোহাম্মদ জুলফিকার হায়দার প্রথম আলোকে বলেন, বিরাজমান পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের বাসায় বিকেলে আলোচনা হবে। সেখানে শিক্ষানবিশ চিকিত্সকদের দাবি ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।