ফরিদপুরবাসীর বিনোদনের হালচাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারানো স্মৃতি চাঁনমারী উদ্যানফরিদপুরবাসীর বিকেলে ঘোরার জন্য শহরের কমলাপুরের চাঁনমারী এলাকায় একটি বড় মাঠ ও উদ্যান ছিল। এ মাঠে এসে মানুষ মুক্ত বায়ু সেবন করতে পারত। জেলা পরিষদ এ উদ্যানটি তদারকি করত। স্বাধীনতার পর এখানে শেরেবাংলা পাবলিক লাইব্রেরি স্থানান্তরিত হয়। ফলে এ উদ্যানের প্রতি মানুষের আগ্রহ আরও বেড়ে যায়। কিন্তু ১৯৭৭ সালে এখানে শহরের প্রধান ঈদগাহ ময়দান করা হয়। চারদিকের সীমানাপ্রাচীর তুলে উদ্যানটি ইট, বালু ও সিমেন্ট দিয়ে পাকা করা হয়।দুটি প্রেক্ষাগৃহে বিনোদনের চেয়ে বিড়ম্বনাই বেশি: পুরোনো জেলা শহর এবং প্রাচীন জনপদ ফরিদপুরে বিনোদনের বিষয়টি বরাবরই অবহেলিত। এ শহরে বর্তমানে দুটি প্রেক্ষাগৃহ (সিনেমা হল) নামকাওয়াস্তে টিকে আছে। একটি আনারকলি (আগের নাম অরোরা টকিজ, ছায়াবাণী, সংগীতা ও কিরণ) শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। অপরটি বনলতা সিনেমা হল শহরের এক প্রান্ত গোপালপুরে অবস্থিত। ১৯৮৩ সালে বনলতা সিনেমা হল হওয়ার আগে অরোরা টকিজই ছিল ফরিদপুরের একমাত্র সিনেমা হল। একক হল হওয়ায় দর্শকদের কথা বিবেচনা করে ভালো এবং নতুন ছবি আনার ব্যাপারে কর্তৃপক্ষের কোনো উত্সাহ ছিল না। বনলতা হলটি প্রতিষ্ঠার পর সে অবস্থা পাল্টে যায়। মাঝে একসময় দুই হলের এক কর্তৃপক্ষ হওয়ায় ফরিদপুরের দর্শকেরা আবার বঞ্চিত হতে শুরু করে।দুটি হলের অবস্থাই করুণ। তৃতীয় শ্রেণী থেকে ডিসি (ড্রেস সার্কেল) পর্যন্ত চেয়ারগুলো ভাঙাচুরা, হলের মধ্যে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা নেই, ছারপোকার উপদ্রব। পাশাপাশি তালি মারা পর্দা ও কার্বন সমস্যার কারণে ছবি ঝাপসা আসা এবং শব্দের সমস্যা তো আছেই। প্রধান বিনোদনকেন্দ্র ধলার মোড়: ফরিদপুর শহরবাসীর কাছে বর্তমানে প্রধান বিনোদন স্পট হয়ে উঠেছে ধলার মোড়। শহরের উপকণ্ঠে ডিক্রিরচর ইউনিয়নের এই জায়গাটি পদ্মা নদীর পাড়ে অবস্থিত। ২০০৪-০৫ সালে ভাঙনের ফলে ডিক্রিরচর ইউনিয়নের ২২টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। ২০০৬-০৭ সালে পানি উন্নয়ন বোর্ড ধলার মোড়ে পদ্মা নদীর পাড়ের অংশটি সিসি ব্লক দিয়ে বেঁধে দেয়। এর পর থেকে ওই জায়গাটি শহরবাসীর চিত্তবিনোদনের প্রধান প্রাণকেন্দ্র হয়ে ওঠে। বিকেল হলেই কর্মক্লান্ত শহরবাসী ছুটে যায় ধলার মোড়ে কিছুটা সময় কাটাতে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পানিতে টইটম্বুর হওয়ায় এই এলাকায় মায়াবী ও নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয়। কানায় কানায় পূর্ণ জলরাশি এবং ঢেউ মিলিয়ে সমুদ্র সৈকতের আমেজ পাওয়া যায় তখন। সারা বছরই ছোট ছোট নৌকা থাকে নদীর পাড়ে। এ নৌকা ভাড়া নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। শুকনো মৌসুমে নদীতে চর জেগে ওঠায় দর্শনার্থীরা নৌকায় নদী পার হয়ে চরে গিয়ে আড্ডা জমায়। সে আড্ডায় কিছুসংখ্যক তরুণ-তরুণী আপত্তিকর কাহিনির অবতারণা করে গ্রামবাসীর মন বিষিয়ে তোলে। এ কারণে গ্রামবাসীর সম্মিলিত চেষ্টায় মাঝেমধ্যে নৌকা চলাচল বন্ধ করে দেয়।প্রতিশ্রুতির বেড়াজালে শিশুপার্ক১৯৭৯ সালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ঝিলটুলী এলাকায় অম্বিকা ময়দানের কাছে ১৩ শতাংশ জমির ওপর একটি শিশুপার্ক নির্মাণ করা হয়। পৌরসভার মালিকানাধীন জমির ওপর এক কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদের অর্থায়নে এ পার্ক নির্মিত হয়েছিল। কিন্তু পার্ক হিসেবে জায়গার অপ্রতুলতা, খেলাধুলার তেমন কোনো সুবন্দোবস্ত না থাকায় এবং কর্তৃপক্ষের সীমাহীন উদাসীনতার কারণে প্রতিষ্ঠার ১০ বছরের মধ্যেই পার্কটি বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে পার্কের জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভাগবাটোয়ারা হয়ে গেছে। চিকিত্সকদের সংগঠন বিএমএর ফরিদপুর শাখা পার্কের প্রায় অর্ধেক জমি কিনে নেয়। বাকি অংশের কিছুটা চৌরঙ্গি জামে মসজিদ দখলে নেয়। আর বাদবাকি অংশ শহীদ সুফি সমাজ কল্যাণ পাঠাগার বরাদ্দ পায়। ২০০২ সালে ফরিদপুর পৌরসভার তত্কালীন চেয়ারম্যান হাসিবুল হাসান শহরের টেপাখোলা এলাকায় সোহরাওয়ার্দী সরোবরের (টেপাখোলা লেক) পূর্ব পাড়ে একটি শিশু উদ্যান প্রতিষ্ঠার উদ্যোগ নেন। কিন্তু স্থানটি শহরের এক প্রান্তে হওয়ায় এবং নিরাপত্তার সমস্যার কথা বিবেচনা করে সে উদ্যোগ স্থগিত হয়ে যায়।২০০৬ সালে পৌরসভার উদ্যোগে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি শিশুপার্কের জন্য চার একর জমি কেনা হয়। এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগের ছয় একর জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এ তত্পরতাও মাঝপথে থেমে যায়।২০০৯ সালের শেষের দিকে ফরিদপুর সদর আসনের সাংসদ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফরিদপুর কারাগারকে শহরের বাইরে সরিয়ে দিয়ে সেখানে একটি শিশুপার্ক নির্মাণের পরিকল্পনার কথা জানান। কিন্তু এ উদ্যোগের ব্যাপারেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি।কোথায় কাটবে অবসর: ফরিদপুর শহরের মানুষ অবসর কাটাতে যায় ধলার মোড় পদ্মার পাড়ে। মদনখালীর স্লুইচগেটে, গোবিন্দপুর কবি জসীমউদ্দীনের বাড়িতে, বাড়ির সামনে কুমার নদের পাড়ে, ভাজনডাঙ্গা হর্টিকালচার সেন্টারে, কানাইপুর বন বিভাগে। এই তো সম্বল। নেই শিশুপার্ক। বিকেলে শিশুরা যাবে কোথায়? বেশির ভাগ কিন্ডারগার্টেনে নেই খেলার মাঠ।উঠতি বয়সী তরুণ-তরুণীরা বিনোদনের জন্য কলেজ ক্যাম্পাস, জসীমউদ্দীনের বাড়ি, পদ্মা নদীর পাড় ও চর এলাকা বেছে নিলেও পারিবারিকভাবে বিনোদনের কোনো জায়গা নেই ফরিদপুরে। আগে চানমারীর উন্মুক্ত মাঠে প্রতিদিন বিকেলে সময় কাটাতে মানুষ সমবেত হতো। এখন তা অতীত। কোনো পার্ক নেই, ফাঁকা মাঠগুলোতে নির্মিত হচ্ছে বড় বড় ভবন। ক্রমেই সংকুচিত হয়ে আসছে বেড়ানোর পরিবেশ। সব মিলিয়ে এক পরিপূর্ণ বিনোদনহীন শহরে পরিণত হয়েছে ফরিদপুর। কোথায় কাটবে অবসর, তা ভেবে হয়রান ফরিদপুরবাসী।সুশীল সমাজ যা ভাবছেনফরিদপুর সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন বলেন, ‘একটা পার্ক জরুরি ভিত্তিতে প্রয়োজন। টিনএজারদের জন্য খেলার মাঠ এবং নিয়মিত প্রতিযোগিতার ব্যবস্থা থাকতে হবে, এগুলো হতে হবে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে। ফরিদপুরের জন্য একটি এফএম রেডিও চালু করা প্রয়োজন। বেসরকারি উদ্যোক্তাদের এ ব্যাপারে এগিয়ে আসা দরকার। শিল্পকলা একাডেমীর উদ্যোগে নিয়মিত নাট্য ও সাংস্কৃতিক উত্সবের ব্যবস্থা করা উচিত। প্রতিবছর লোকজ মেলার আয়োজন করা এবং শিশু একাডেমীর কাজে বহুমাত্রিকতা অর্জন ও গতিশীলতা আনতে হবে।’ফুলকির সাধারণ সম্পাদক সিরাজুল আজম বলেন, ‘বিনোদনের ব্যাপারে শহরের বর্তমান অবস্থা খুবই খারাপ। সবচেয়ে সংকটে আছে শিশুরা। অভিভাবকেরা শিশুদের প্রকৃতির কাছে নিয়ে যায় না। প্রতিদিন বিকেলে শিশুদের জন্য খেলার সুযোগ করে দিতে হবে। দেশের সঙ্গে শিশুদের যুক্ত করতে হবে। এর জন্য বছরে দুই-তিন বার গ্রামে নিয়ে যেতে হবে।’ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান বলেন, ‘সারা দিনের কর্ম-ক্লান্তির পর মানুষকে বিনোদনের সুযোগ দিতে হবে। তা না হলে জীবন একঘেয়ে হয়ে যাবে। নগরসভ্যতা মানুষকে অন্ধকূপে ঢুকিয়ে হত্যা করতে চায়। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। কবির ভাষায় বলতে হয়, ‘দাও ফিরে সে অরণ্য নাও এ নগর।’কর্মকর্তারা যা বলেনফরিদপুর সদর আসনের সাংসদ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ফরিদপুরকে একটি তিলোত্তমা শহর হিসেবে গড়ে তুলতে হবে। ইতিমধ্যে প্রধান সড়কটি চার লেনে উন্নীত করা হয়েছে। এখানে উন্নতমানের বাতির ব্যবস্থা থাকবে। সুদৃশ্য গাছ লাগানো হবে সড়কের দুই পাশে। এ প্রকল্প শেষ হলে ফরিদপুরবাসী তাদের তিলোত্তমা শহরটিকে দেখতে পাবে। এ ছাড়া শহরের তিন দিকে তিনটি শিশুপার্ক নির্মাণ করা হবে। এর একটি হবে টেপাখোলা এলাকা, অপরটি গোয়ালচামট ও শেষেরটি শহরের কারাগারের সামনে। জেলা শিল্পকলা মিলনায়তনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এখানে সাংস্কৃতিক কর্মীরা কাজ করার সুযোগ পাবেন। এ ছাড়া শিশু একাডেমীর ছয় তলাবিশিষ্ট একটি ভবনের কাজ অচিরেই শুরু হবে। এখানে শিশুরা বিনোদনসহ সাংস্কৃতিক চর্চা করতে পারবে। আলীমুজ্জামান সেতুর ওপর নয়নাভিরাম রেস্তোরাঁ হবে। এ পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ফরিদপুর আর ফকিরপুর থাকবে না।’ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আফসানা বলেন, ‘মধুখালীর “নিরিবিলি” পিকনিক কর্নারটি আধুনিক করার চিন্তা আমাদের আছে। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। সেখানে অবৈধ কার্যকলাপ হয়, কেউ লিখিতভাবে এ ধরনের অভিযোগ করেনি। অভিযোগ করলে খতিয়ে দেখব। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আমরা আর্থিক সাহায্য দিয়ে থাকি।’ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘শহরে বিনোদনের অবস্থা খুবই নাজুক, এ কথা বলার অপেক্ষা রাখে না। পৌরসভার উদ্যোগে একটি শিশুপার্ক গঠনের ক্ষেত্রে আমরা অনেকটা পথ এগিয়ে গেছি।’সালথায় স্টেডিয়ামের জায়গা খোঁজা হচ্ছে১৮৫ দশমিক ১১ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট সালথা উপজেলার জনসংখ্যা এক লাখ ৪৭ হাজার ৮৮০ জন। এ উপজেলার জনগণের জন্য বিনোদনের কোনো ব্যবস্থা নেই। নেই কোনো সিনেমা হল, মিলনায়তন বা খেলার মাঠ। সালথা উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘সালথায় কোনো বিনোদনের ব্যবস্থা নেই। একটি সিনেমা হল নির্মাণের ইচ্ছে আছে। জরুরি ভিত্তিতে এটি স্টেডিয়াম নির্মাণের কথা ভাবা হচ্ছে। অবশ্য স্টেডিয়ামের জন্য মাঠের সংকট রয়েছে। আগে প্রতিটি ইউনিয়নেই বড় মাঠ ছিল। এখন সব মাঠ হয় জমি বানানো হয়েছে, নতুবা বাড়িঘর তোলা হয়েছে। ছেলেমেয়েদের জন্য খেলার ব্যবস্থা থাকলে নেশার প্রতি ঝোঁক কমত।’ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গনঝিমিয়ে পড়েছে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গন। ২০০২ সালে কথা কৃষ্ণকলি নামের একটি নাটক মঞ্চস্থ হওয়ার পর সুযোগ নেয় স্বাধীনতাবিরোধী মৌলবাদীচক্র। ওই নাটকে রাসুলকে (সা.) অপমান করা হয়েছে—এ অজুহাতে মামলা, অভিনেতাদের ফাঁসির দাবিসহ যাবতীয় উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটানো হয়। এ ঘটনা সুদূরপ্রসারী প্রভাব ফেলে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে। ওই ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি ফরিদপুরের সাংস্কৃতিক মহল।ফরিদপুর নাট্যাঙ্গনের অন্যতম পুরোধা সংগঠন বৈশাখী নাট্য গোষ্ঠীর সভাপতি মুন্সি মুহাম্মাদ আলী প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুরের সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল অত্যন্ত সমৃদ্ধ। অনেক গ্রুপ থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনের পদচারণে এ শহর ছিল মুখরিত। সারা বছরই উত্সব লেগে থাকত। কিন্তু ২০০২ সালে কথা কৃষ্ণকলির ঘটনার পর শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে অপূরণীয় ক্ষতি হয়েছে। ওই ধকল আজ পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারিনি। কথা কৃষ্ণকলির ঘটনার পর অনেক সাংস্কৃতিক সংগঠন তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। এরপর নতুন দুয়েকটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। তা ছাড়া ফরিদপুরে হলের ভাড়াও খুব বেশি। নাটক হাতে নেওয়ার এক মাস আগে আমাদের ভাড়ার টাকা জোগাড় করার জন্য প্রস্তুতি নিতে হয়। জেলা পরিষদের কবি জসীমউদ্দীন হলে আমরা প্রদর্শনী করি। এ হলে এক দিনের প্রদর্শনীর জন্য গুনতে হয় আড়াই হাজার টাকা, যা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে।’ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের মাতৃস্থানীয় প্রতিষ্ঠান ‘ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী বলেন, ‘ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গন টিমটিম করে জ্বলছে। এর জন্য দেশের শিক্ষাব্যবস্থা, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কম দায়ী নয়। তরুণেরা কম এগিয়ে আসছে। উচ্চমাধ্যমিক পাস করেই অনেকে ঢাকায় চলে যায়। এক দল টিউশনি করে নিজের পড়ার খরচসহ থাকার খরচ চালায়, বিশেষ করে মেধাবীরা এ ক্ষেত্রে জড়িত। আর শিশুরা তো পাঠ্যবইয়ের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে। তাদের ফুসরত কোথায়? সব মিলিয়ে এক সংকটজনক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সব মহলের সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।’ফরিদপুরের প্রাচীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান টাউন থিয়েটারের সাধারণ সম্পাদক মন্টু দাস বলেন, ‘শিল্পীদের সঠিক মূল্যায়ন করা হয় না। আর্থিকভাবে তাদের সুযোগসুবিধা কম। এ জন্য এ অঙ্গনে শিল্পী আসার প্রবণতা কমে গেছে।’আহ সেই দিনগুলো: সাংস্কৃতিক উজ্জ্বল অতীত ছিল ফরিদপুরের। পাড়ায় পাড়ায় মঞ্চস্থ হতো নাটক। তখন তো আর আজকের মতো ডেকোরেটরের জন্ম হয়নি। তাই একজনের ঘর থেকে চৌকি, টেবিল, চেয়ার; আরেকজনের ঘর থেকে চাদর, কাঁথা নিয়ে সাজানো হতো মঞ্চ। সন্ধ্যার পর পাড়ার মাঠে মঞ্চস্থ হতো নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহল্লার শিশু, নারী-পুরুষ, বৃদ্ধা—সবাই সমবেত হতো। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চলত।কোনো জাতীয় উত্সব কিংবা বিভিন্ন উল্লেখযোগ্য দিনে এ ধরনের আয়োজন করা হতো। প্রস্তুতি চলত এক মাস আগে থেকেই, চলত মহড়া। অভিনয় করত অপেশাদার ছেলেমেয়েরাই। আনন্দ আর উত্সবই ছিল মুখ্য। সব মিলিয়ে এক আন্তরিকতাপূর্ণ মনোমুগ্ধকর পরিবেশ।পাড়ার বড়রা ছোটদের স্নেহ করতেন। ছোটরা বড়দের করত শ্রদ্ধা। পুরো মহল্লাই এভাবে হয়ে উঠত একটি পরিবার।এখন সেই বন্ধন, সেই আন্তরিকতা আর নেই। এখন সবাই যেন দলছাড়া, ছন্নছাড়া। কারও খোঁজ কেউ রাখে না। পাশের বাড়িতে কী ঘটছে, তার খবর আমরা রাখি না।আজ বড়রা ব্যস্ত নিজেদের নিয়ে, অবসর কাটান ক্লাবে। তাস খেলেন, মদ পান করেন, মধ্যরাতে মাতাল হয়ে বাড়ি ফেরেন। আর ছোটরা শেকড় ছেঁড়া, নোঙর ছাড়া, কান্ডারিহীন তরীর মতো। তারা মাদকাসক্ত হয়ে পড়ছে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে স্কুল-কলেজগামী তরুণীদের উত্ত্যক্ত করছে। কেউ কেউ যুক্ত হয়ে পড়েছে ছিনতাই ও রাহাজানিতে।প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ বলেন, ‘সে সময় ছিল এক অদ্ভুত সময়। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছিল গাঢ়। এখন মানুষ সম্পর্কহীন জড় পদার্থে পরিণত হয়েছে। এই মানুষের ভিড়ে সেই মানুষ আর নেই। এ অবস্থায় কোনো সমাজ চলে না। মানুষ হিসেবে পরিচয় ফিরিয়ে আনতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীত ঐতিহ্যের কাছে।’মধুখালীতে সিনেমা হলই ভরসামধুখালী উপজেলার লোকসংখ্যা এক লাখ ৮৭ হাজার ৭৭৫ জন। এলাকাবাসীর বিনোদন বলতে দুটি সিনেমা হল ‘নীলবর্ণা’ ও ‘আলোছায়া’ই সম্বল। কিন্তু হলের মধ্যে ছবি দেখার কোনো পরিবেশ নেই। আলোছায়া সিনেমা হলের মালিক সোনা মিয়া বলেন, ‘এখন তো আর আগের মতো দর্শক পাওয়া যায় না। প্রতিদিনই ক্ষতি গুনতে হচ্ছে। ভাবছি, আগামী ঈদের পর হলটি ভেঙে মার্কেট করব।’ফরিদপুর জেলার প্রথম পিকনিক কর্নার ‘নিরিবিলি’ এ উপজেলায়ই অবস্থিত। জেলা পরিষদ নিয়ন্ত্রিত এই পিকনিক স্পটের আধুনিকায়ন না হওয়ায় এবং আশপাশের জেলাগুলোতে অধিকতর ভালো স্পট নির্মাণ হওয়ায় পিকনিক কর্নার হিসেবে এটি গুরুত্ব হারিয়েছে। পিকনিক কর্নারের তত্ত্বাবধায়ক মালেক মিয়া (৭০) ঘণ্টা চুক্তিতে টাকা ধার্য করে এসব অবৈধ কাজের সুযোগ করে দেন। এর ফলে বদনাম হচ্ছে জেলা পরিষদের। মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘মথুরাপুর দেউল’ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও লাইব্রেরিও বিনোদনের স্পট হতে পারে। চিনিকল বছরে তিন মাস খোলা থাকে। বাকি নয় মাস দর্শনার্থীদের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে।মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, ‘মধুখালীবাসীর বিনোদনের জন্য নতুন কোনো ভাবনা নেই। তবে পিকনিক কর্নার, স্মৃতি জাদুঘর ও মথুরাপুর দেউল কমপ্লেক্স আরও উন্নত করার চিন্তা আছে।’চরভদ্রাসনে পিকনিক স্পট নির্মাণের চেষ্টা১৪১ দশমিক ৫৯ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট চরভদ্রাসন উপজেলার লোকসংখ্যা ৭৬ হাজার ৩৬৬ জন। এই উপজেলার মানুষের জন্য বিনোদনের কোনো ব্যবস্থা নেই। ১৯৮৫ সালে উপজেলা পরিষদের পেছনে ৩৩ শতাংশ জমির ওপর একটি শিশুপার্ক নির্মাণ করা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণ এবং নজরদারির অভাবে তা এখন অতীত স্মৃতি। মৌসুমী নামের একটি সিনেমা হল ছিল। ২০০৮ সালে হলের ভেতরে একটি বোমাসদৃশ বস্তু পাওয়ার পর সেটি বন্ধ হয়ে যায়। এ উপজেলায় সরকারি কোনো মিলনায়তন নেই। চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, ‘চর এলাকায় বিনোদন বলতে ছিল নৌকাবাইচ। কিন্তু তা এখন অতীত। পানির অভাবে নৌকাবাইচ করা যায় না। তবে চরভদ্রাসনে একটি পিকনিক স্পট করার ইচ্ছে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদের সঙ্গে এ নিয়ে কথাও বলেছি। জায়গার খোঁজ চলছে।’আলফাডাঙ্গাবাসীর বিনোদন নদীর পাড়ে ঘোরা১৩৬ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট আলফাডাঙ্গা উপজেলার মোট জনসংখ্যা এক লাখ পাঁচ হাজার ৯৮ জন। এ উপজেলাবাসীর জন্য বিনোদনের কোনো ব্যবস্থা নেই। নেই কোনো সিনেমা হল। শিল্পকলা একাডেমির একটি অডিটরিয়াম ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নেই কোনো হলরুম। নেই কোনো পার্ক বা খোলা জায়গা। এলাকার তরুণ-তরুণীরা বিকেলে মধুমতী নদীর পাড়ে ভিড় করে। কিন্তু সেখানে নেই বসার ব্যবস্থা।আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন বলেন, ‘মধুমতী নদীর পাড়ই আমাদের প্রধান বিনোদন স্থান। এখানে ট্রলার ভ্রমণের মাধ্যমে মানুষ তার অবসর সময় কাটায়। তবে সরকারি উদ্যোগে আরও ভালো ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া কামার গ্রাম কাঞ্চন একাডেমির একটি জায়গা দেখা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ রাজি হলে সেখানে একটি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।’সদরপুর জমিদারবাড়ি হতে পারে পর্যটনকেন্দ্র২৯০ দশমিক ২১ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট সদরপুর উপজেলার জনসংখ্যা এক লাখ ৮৮ হাজার ৭৫৭ জন। সদরপুরে একটি শিশুপার্ক নির্মাণ করা হয়েছিল ১৯৮৫ সালে। উপজেলা পরিষদ চত্বরে এক একর জমির ওপর এটি স্থাপন করা হয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো রকম তত্ত্বাবধান না করায় পার্কটি এখন অতীত স্মৃতিতে পরিণত হয়েছে। উপজেলা চত্বরেই বিভিন্ন রং ও প্রজাতির মাছ প্রদর্শনের জন্য একটি মাছের লেক করা হয়েছিল ওই একই সময়ে। আজ সেটির কোনো অস্তিত্ব নেই। একটি স্টেডিয়ামের জন্য জায়গা অধিগ্রহণ করে রাখা হয়েছে; কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি। বরং প্রায় ৬০ জন অবৈধ দখলদারের জিম্মায় চলে গেছে। তাঁরা দোকান তুলে ব্যবসা করছেন। সরকার ঠিকমতো পৃষ্ঠপোষকতা করলে ৩০ একর জমির ওপর প্রতিষ্ঠিত জমিদার রাজেন্দ্র রায় বাহাদুরের বাড়িটি প্রত্নতাত্ত্বিক সংরক্ষণসহ একটি ভ্রমণের স্পট হতে পারে। শহরের বিনোদন বলতে একটি মাত্র সিনেমা হল চলছে নামকাওয়াস্তে।সদরপুর উপজেলা চেয়ারম্যান মো. ছাত্তার ফকির বলেন, ‘জমিদারবাড়িটি একটি পর্যটনকেন্দ্র হতে পারে। তবে এ ব্যাপারে সরকারি উদ্যোগ প্রয়োজন। তা ছাড়া স্টেডিয়ামটির পূর্ণাঙ্গ রূপ দেওয়ার ইচ্ছে আছে। শিশুপার্কটি উদ্ধার করতে চাই।’ভাঙ্গার নৌকাবাইচ আজ অতীত২১৬ দশমিক ৩৪ বর্গকিলোমিটার আয়তনের ভাঙ্গা উপজেলার লোকসংখ্যা দুই লাখ ৩২ হাজার ৩৮৬ জন। এ উপজেলাবাসীর বিনোদনের জায়গার মধ্যে সিনেমা হল, বর্ষায় নৌকায় ঘোরা এবং অটোবাইকে ঘণ্টা চুক্তি ভাড়া করা। আগে দুটি সিনেমা হল ছিল চাঁদনী ও কোকিন। উপজেলার প্রথম সিনেমা হল কোকিন ১৯৭৯ সালে চালু হয়। দর্শকের অভাবে ১৯৯৩ সালে এটি বন্ধ হয়ে যায়। ১৯৮৪ সালে উপজেলা মিলনায়তন ভাড়া করে চালু করা হয় চাঁদনী সিনেমা হল। গৌরনদীর ফারুক ঠাকুর এ হলটি পরিচালনা করেন। ৮ আগস্ট সরেজমিনে দেখা গেছে, ৪০০ আসনবিশিষ্ট এ প্রেক্ষাগৃহে ছয়টা-নয়টার প্রদর্শনীতে দর্শক আছে সাকল্যে ৩৭ জন। সিনেমা হলের পুরোনো গেটম্যান মতিউর রহমান জানান, মাঝেমধ্যে দর্শকের অভাবে ছবি প্রদর্শনী বন্ধ রাখতে হয়।বর্ষায় ভাঙ্গাবাসীর নৌকা ভ্রমণ একটি প্রিয় অভ্যাস। এ ছাড়া সারা বছর বিশ্বরোডে অটোবাইকে ঘণ্টা চুক্তি করে ঘুরে বেড়ানোর সুযোগ মিস করে না এলাকার তরুণ-তরুণীরা।ভাঙ্গাবাসীর বার্ষিক উত্সবের মধ্যে ছিল নৌকাবাইচ। প্রতিবছর বিশ্বকর্মা পূজার দিন কুমার নদে এ প্রতিযোগিতার আয়োজন করা হতো। এ নৌকাবাইচকে কেন্দ্র করে ভাঙ্গাসহ আশপাশের এলাকায় সাজ সাজ রব পড়ে যেত। শত বছরের প্রাচীন এ উত্সবের আয়োজন করত ভাঙ্গা বাজার বণিক সমিতি ও পৌরসভা। কিন্তু ২০০২ সাল থেকে ‘জঙ্গি হামলা হতে পারে’—এ অজুহাতে এই উত্সবও বন্ধ করে দেওয়া হয়।ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান সুধীন সরকার বলেন, ‘ভাঙ্গাবাসী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিনেমা দেখার মধ্য দিয়ে তাদের বিনোদনের চাহিদা মিটিয়ে থাকে। সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বাড়ানোর জন্য একটি স্থায়ী নাট্যমঞ্চ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গি হামলা হতে পারে এমন অজুহাতে ভাঙ্গার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দীর্ঘদিন ধরে বন্ধ রযেছে। আমরা মাঝেমধ্যেই নৌকাবাইচ করার উদ্যোগ নিয়েছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় আমাদের পক্ষে এ উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। এবার এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’