ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩
ফরিদপুর শহরে আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীদের সংঘর্ষে গতকাল বুধবার বিকেলে তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।আহত ব্যক্তিরা হলেন জেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল হাসান খন্দকার (৪৫), জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান, আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান (৩৫), ছাত্রলীগের কর্মী মিজানুর রহমান (২৫) ও ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (শিক্ষানবিশ) মো. রফিকুল ইসলাম (২৫)। এর মধ্যে নাজমুলের ডান হাতের পাঁজরে, রফিকুলের বাম হাতের আঙুলে ও কামরুজ্জামানের ডান হাতের কনুইয়ের নিচে গুলি লেগেছে। অন্য দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। উভয় পক্ষই ঘটনার জন্য একে অন্যকে দোষারোপ করছে।আহত ব্যক্তিদের মধ্যে নাজমুল, কামরুজ্জামান ও মিজানুর শ্রমমন্ত্রীর সমর্থিত গ্রুপের নেতা। মনিরুজ্জামান সংসদ উপনেতা সাজেদার পক্ষের নেতা।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশের ওপর হামলা এবং আহত করার ঘটনায় থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি মামলা করেছেন।আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার বেলা তিনটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সভা আহ্বান করে। এ ব্যাপারে গত মঙ্গলবার থেকে শহরে জেলা আওয়ামী লীগের পক্ষে মাইকিং শুরু হয়। মাইকে বক্তা হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরের নাম ঘোষণা করা হয়। এতে জেলা আওয়ামী লীগের শ্রমমন্ত্রীর পক্ষের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বৃহস্পতিবার জেলা শ্রমিক লীগের নামে একই স্থানে একই সময়ে একই দাবিতে পাল্টা সভা ডেকে গতকাল সকাল থেকে শহরে মাইকিং শুরু করেন।উভয় পক্ষই গতকাল বিকেলে তাদের নিজ নিজ কর্মসূচির সমর্থনে শহরে মিছিল বের করে। সাজেদা পক্ষের অংশ আলীপুর এলাকা ও শ্রমমন্ত্রীর সমর্থিত অংশ অম্বিকা ময়দান থেকে বৃহস্পতিবারের সমাবেশের সমর্থনে মিছিল বের করে। বিকেল পাঁচটা ৩৫ মিনিটে দুটি মিছিল দুদিক থেকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুখোমুখি অবস্থানে আসে। কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী পুলিশ নিয়ে দুটি মিছিল দুদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় মিছিলে নেতা-কর্মীদের হাতে রামদা, কিরিচ, লাঠি ও হকিস্টিক ছিল। দুটি মিছিল মুখোমুখি হলে পরস্পরের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছয়টি গুলির শব্দ শোনা যায়। গুলিতে যুবলীগের নেতা নাজমুল, শ্রমিকনেতা কামরুজ্জামান ও এসআই রফিকুল আহত হন। এর মধ্যে নাজমুল ও এসআই রফিককে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং কামরুজ্জামানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গুলি ছোড়ার পরপরই নিলটুলী-আলীপুর সংযোগ সড়কে ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান ও মিজানুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। মনিরুজ্জামানকে আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।আধা ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে ফরিদপুর মুজিব সড়কের প্রেসক্লাবের সামনে থেকে পদ্মা হোটেল পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আশপাশের লোকজন ভয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশের দোকানপাট।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় পুলিশ কোনো পক্ষকেই বাধা দেওয়ার চেষ্টা করেনি।শ্রমমন্ত্রী-সমর্থিত অংশের জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবিদার সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের অপর অংশ হামলা ও গুলি চালিয়ে তিনজনকে গুলিবিদ্ধ করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরা এ মিছিল করেছি, সমাবেশ ডেকেছি। কিন্তু আওয়ামী লীগের এক অংশই হামলা করে ভণ্ডুল করে দিল।’সাজেদা পক্ষের জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবিদার মনিরুল হাসান বলেন, ‘আমরা কয়েক দিন আগেই সমাবেশের কর্মসূচি নিয়েছি। কিন্তু শ্রমমন্ত্রীর পক্ষ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে একই স্থানে পাল্টা সভা ডেকেছে। গতকাল আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামানকে আহত করা হয়েছে।’পুলিশ সুপার আওলাদ আলী ফকির প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই পক্ষের সমর্থকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। তার পরও মারামারির ঘটনা এড়াতে পারিনি। এতে গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে বলে জানতে পেরেছি।’আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ বলেন, ‘সংঘর্ষের ঘটনা জানার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আমাকে মুঠোফোনে উভয় পক্ষকে আজ বৃহস্পতিবারের সমাবেশ স্থগিত রাখতে বলেছেন।’ বিপুল বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সভায় যারা বাধা দেয়, তারা আওয়ামী লীগ করতে পারে না।’জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন বলেন, আওয়ামী লীগ নিজেরাই মারামারি করে আহত হয়েছে।রাত নয়টার দিকে শ্রমমন্ত্রী-সমর্থিত অংশ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সেখানে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বলেন, ‘ফরিদপুরে যুদ্ধাপরাধী মুজাহিদের বাড়িতে এক সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নূরুন্নবী অংশ নিয়েছিলেন। আমরা ধারণা করছি, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ভণ্ডুল করতেই আওয়ামী লীগের ভেতরে জামায়াতের লোক সক্রিয় রয়েছে। তারাই এ কাজ করেছে।’ফরিদপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী রাত সাড়ে আটটার দিকে বলেন, ‘যুবলীগের নেতা নাজমুলের যে স্থানে গুলি লেগেছে, তার এক্সরে রিপোর্টটি আমি দেখেছি। ওর শরীরে এখনো গুলি আছে।’জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, আওয়ামী লীগের দুই পক্ষকে নিয়ে গতকাল রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিনি তাঁর কার্যালয়ে সমঝোতা বৈঠক করেছেন। তারা কেউই আজকের সভা করবে না বলে একমত হয়েছে।